৩ অক্টোবর থেকে উত্তরা ও রমনায় স্মার্ট কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের উত্তরা ও রমনা এলাকার চারটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে আগামী ৩ অক্টোবর থেকে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু হচ্ছে। গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন।
স্মার্ট কার্ড বিতরণের সময় ভোটারদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে। কার্ড নেওয়ার সময় ভোটারদের বর্তমানের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রটি জমা দিতে হবে।
সুলতানুজ্জামান বলেন, চার ওয়ার্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায় পুরোদমে স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু হবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২ অক্টোবর প্রধানমন্ত্রী স্মার্ট কার্ড বিতরণের কাজ উদ্বোধন করবেন।
৩ অক্টোবর থেকে রাজধানীর পাশাপাশি কুড়িগ্রামেও স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। এখানকার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রধান নির্বাচন কমিশনার স্মার্ট কার্ড বিতরণ কাজের উদ্বোধন করবেন।