৩ আসামির অব্যাহতির আবেদনে অভিযোগ গঠন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় আদালতে অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। গতকাল বুধবার ছিল এই অভিযোগ গঠনের দিন। এদিন তিনজন আসামি মামলার অভিযোগ থেকে নিজেদের অব্যাহতির আবেদন করায় এ অভিযোগ গঠন পিছিয়ে যায়।

মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন মামলায় অভিযোগ গঠন ও তিন আসামির অব্যাহতির আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন।

আদালতের এপিপি সৈয়দ ফিরোজুর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া মামলার বাদী রুবেল ভূঁইয়া বলেন, ‘চার্জ গঠনের দিন ছিল। কোর্টে গিয়েছিলাম। কিন্তু কোর্টে গিয়ে শুনি তিন আসামি মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করছে। তাই চার্জ গঠন হয়নি।’

গত বছর ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় জঠরে গুলিবিদ্ধ হন আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন। অস্ত্রোপচারের পর গুলিবিদ্ধ মেয়েশিশু জন্ম দেন তিনি। গুলি মায়ের জঠরে থাকা শিশুটির তুলতুলে শরীর এফোঁড়-ওফোঁড় করে ফেলেছিল। শিশুটিকে হাসপাতালে ‘বেবি অব নাজমা’ হিসেবে ভর্তি করা হয়েছিল। পরে শিশুটির নাম রাখা হয় সুরাইয়া। হাসপাতালে প্রায় এক মাস নিবিড় চিকিৎসা শেষে মা ও বুলেটবিদ্ধ সুরাইয়া সুস্থ হয়ে গত বছরের ২০ আগস্ট বাড়ি ফেরে।

ওই সংঘর্ষের মধ্যে পড়ে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) গুলি ও বোমায় আহত হয়ে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাগুলির ঘটনার দুই দিন পর মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থক।