চট্টগ্রামে ইলেকট্রনিকস পণ্যের গুদাম থেকে সোনা উদ্ধারের ঘটনায় করা মামলায় তিন আসামিকে দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে প্রায় ২০ কেজি সোনা উদ্ধারের মামলায় তিন আসামিকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। এই জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষকে এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। ফলে আসামি গিয়াস উদ্দিন, ইমরান খান ও সোয়েব কারামুক্তি পাচ্ছেন না।
আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ৮ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট থানার আনু মাঝির ঘাট এলাকায় ‘এসি মেলা’ নামে একটি ইলেকট্রনিকস পণ্যের গুদামে অভিযান চালিয়ে অলংকারসহ প্রায় ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় গত বছরের ১৫ মার্চ এসি মেলার দুই মালিকসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচারিক আদালতে জামিন নামঞ্জুরের বিরুদ্ধে তিন আসামি (গিয়াস উদ্দিন, ইমরান খান ও সোয়েব) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। চূড়ান্ত শুনানি নিয়ে ৭ জুন হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেন, তিনজনের জামিন মেলে। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ শুনানির জন্য ওঠে।