৩ আসামির স্বীকারোক্তি, নিজামের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা

উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিন আসামি দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন৷ ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমিনের আদালতে জবানবন্দি দেওয়া এ তিনজন হলেন কাজী শানান মাহমুদ, চৌধুরী নাফিজ উদ্দিন অনিক এবং ঢাকায় তাঁদের আশ্রয়দাতা হেলাল উদ্দিন৷
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার জিয়াউল হক ওরফে বাপ্পিকে গতকাল পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷ হত্যায় জড়িত বলে সন্দেহভাজন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য বেলাল হোসেন পাটোয়ারীকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁকেও রিমান্ডে নেওয়া হয়েছে৷
ফুলগাজীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাংসদ নিজাম হাজারীকে হত্যার ঘটনায় দায়ী করে তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন৷ এদিকে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার ফুলগাজী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে থানা আওয়ামী লীগ।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি: মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ১৬৪ ধারায় তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন৷ তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন আসামি জবানবন্দিতে প্রায় অভিন্ন তথ্য দিয়েছেন৷ কাজী শানান মাহমুদ বলেছেন, ১৯ মে রাত আটটায় স্টেডিয়ামে তারা ক্যারম খেলার সময় আবিদের কাছে ফোন আসে৷ তিনি বলেন, জাহিদ ভাই ফোন করেছেন, সালাম কমিউনিটি সেন্টারে যেতে হবে। সালাম কমিউনিটি সেন্টারে জাহিদ চৌধুরী, রুটি সোহেল, বক্কর, শিপন, সিফাত, সৈকত ও শিবলু কমিশনার একত্র হন৷ সবাইকে পরদিন সকালে স্টেডিয়ামে যেতে বলা হয়৷ শানান সকালে স্টেডিয়ামে গিয়ে কাউছার, আসিফ, রাকিবসহ ২৫-৩০ জনকে দেখেন৷ তাঁর ভাষ্যমতে, এ সময় জাহিদ চৌধুরী বলেন, একরাম চেয়ারম্যানের গািড় আসবে, যেকোনো মূল্যে সেটি ভাঙতে হবে। এ সময় রুটি সোহেল দুটি পিস্তল দেন।
অনিক প্রায় একই রকম বর্ণনা দিয়েছেন৷ অনিক বলেছেন, পরিকল্পনা অনুযায়ী তিনি একরাম ডায়াবেটিক হাসপাতাল থেকে বের হওয়া মাত্র ফোন করে আবিদকে জানিয়ে দেন৷ পরে তিনি, বক্কর, আরিফ, রাসেল, ছুট্টু বাপ্পি একরামের গািড়তে হামলা চালিয়ে ভাঙচুর ও গুলি করেন৷ পরে জাহিদ চৌধুরী তাঁকে বলেন, ‘তোমার জেঠাকে (মিনার চৌধুরী) ফোন করে জানিয়ে দাও, একরাম চেয়ারম্যান মরে গেছে।’
শানান ও অনিককে আশ্রয় দেওয়া হেলাল উদ্দিন জানান, ২০ মে দিবাগত ভোর রাত ও পরদিন দুই পর্যায়ে তাঁর বাসায় আসেন আবিদ, শিপন, শিফাত, সৈকত, অনিক। তাঁদের মুখ থেকে হেলাল জানতে পারেন, জাহিদ চৌধুরীর নির্দেশে তাঁরা একরামকে হত্যা করেছেন।
এর আগে গত মঙ্গলবার চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী আবিদ ফেনীর একই আদালতে হত্যার দায় স্বীকার করে প্রথম জবানবন্দি দেন৷
একরাম হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউল হককে গতকাল ফেনীর বিচারিক আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ৷ আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
আরেকজন গ্রেপ্তার: একরাম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বেলাল হোসেন পাটোয়ারীকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে৷ তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য৷ একরাম হত্যার পর থেকে বেলাল হোসেন পলাতক ছিলেন৷
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, মাটিরাঙ্গা থানার পুলিশ বুধবার দিবাগত রাত তিনটায় দুর্গম বর্ণাল এলাকা থেকে বেলাল হোসেনকে আটক করে। বেলাল গতকাল সকালে মাটিরাঙ্গা থানায় সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন৷ পরে বিকেলে তাঁকে ফেনী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷ ফেনীর পুলিশ বেলালকে আমিল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন৷
নিজাম হাজারীর বিরুদ্ধে বিক্ষোভ: একরাম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিমের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে৷ এ ছাড়া উপজেলা সদরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন৷ বিক্ষোভের একপর্যায়ে সাংসদ ও জেলা আওয়ামী লীগের সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নাম ধরে তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং হত্যার ঘটনায় তাঁকেও দায়ী করা হয়৷
মিনার পরিবারের সংবাদ সম্মেলন: গতকাল এক সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামি ও বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে ‘মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও হয়রানির’ প্রতিবাদ করেন তাঁর স্ত্রী মাহবুবা হাসনাত নাহারিন চৌধুরী৷ মাহবুবা দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই একরাম হত্যাকাণ্ড ঘটেছে৷ তিনি বলেন, ঢাকায় আটজনকে গ্রেপ্তারের পর র্যাবের সংবাদ সম্মেলনেই তা বলা হয়েছিল৷ হত্যার মূল নায়কদের আড়াল করতে এবং মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মিনার চৌধুরীকে আসামি করা হয়েছে৷ সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও সাবেক সাংসদ জয়নাল হাজারী একরাম হত্যাকাণ্ডের জন্য পরস্পরকে দায়ী করছেন৷ কিন্তু তাঁদের কেউ মিনার চৌধুরীর কথা বলেননি৷
গত ২০ মে ফেনী শহরের একাডেমি রোডে সশস্ত্র ব্যক্তিরা ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের গাড়িতে হামলা করে তাঁকে গুলি করে ও কোপায়৷ পরে তিনি গাড়িতে থাকা অবস্থায়ই তা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়৷ এ ঘটনায় সর্বশেষ বেলাল মেম্বারসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷