মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগামী ৩ এপ্রিল ডিলিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ সমাবর্তনের মাধ্যমে এই ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সমাবর্তন উপলক্ষে সাবেক উপাচার্য ও সিন্ডিকেট সদস্য আবদুল মান্নানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে। এদিকে বিশেষ সমাবর্তন উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার দাতো জামালউদ্দিন সাবেহ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশেষ সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ও অগ্রগতি হাইকমিশনারকে অবহিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ইরশাদ কামাল খান, অধ্যাপক সৌরেন বিশ্বাস, অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা, কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রমুখ।এই বিশেষ সমাবর্তনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান সম্পর্ক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।