৩ এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ হাজার টাকা ঘুষের দাবিতে এক যুবক ও তার মাকে মারধরের অভিযোগে ঝালকাঠির নলছিটি থানার তিনজন এসআইয়ের বিরুদ্ধে গতকাল রোববার ঝালকাঠির বিশেষ জজ আদালতে একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার নির্যাতিত যুবকের মা সেলিনা বেগম বাদী হয়ে দুর্নীতি দমন আইনে নালিশি অভিযোগটি দায়ের করেন। ঝালকাঠি বিশেষ জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক কোনো আদেশ না দিয়ে ২৬ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। মামলায় যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন নলছিটি থানার এসআই বিপ্লব কুমার মিস্ত্রি, ফিরোজ ও জসিম।
মামলার বাদীপক্ষের আইনজীবী তপন কুমার সরকার বলেন, গত ৩০ মার্চ রাত ৩টার দিকে নলছিটি থানার এসআই বিপ্লব কুমার, ফিরোজ ও জসিম পাঁচ-ছয়জন কনস্টেবলসহ তৌকাঠি গ্রামের মৃত ফারুক হোসেনের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর সেলিনা বেগমসহ তাঁর দুই ছেলে দিনমজুর সজীব ও রাজীবকে মারধর করেন। সেলিনা বেগম মারধরের কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘তোর ছেলেরা মাদকের ব্যবসা করে। এখন আমাদের ৫০ হাজার টাকা দিবি, অন্যথায় তোর ছোট ছেলেকে ধরে নিয়ে মাদক (গাঁজা) মামলায় চালান দেব।’ সেলিনা বেগম টাকা না দেওয়ায় পুলিশ তাঁর ছোট ছেলে রাজীবকে ধরে নলছিটি থানায় নিয়ে যায় এবং রাজীবের কাছে এক পুরিয়া গাঁজা পাওয়া গেছে বলে প্রচারণা চালায়।
পরের দিন ৩১ মার্চ সকালে রাজীবকে পুলিশ গ্রেপ্তার করেছে, এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ মানুষ নলছিটি থানা ঘেরাও করে বিক্ষোভ করে। বিক্ষোভের কারণে নলছিটি থানা-পুলিশ রাজীবকে ছেড়ে দিতে বাধ্য হয়। বিক্ষোভের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযুক্ত তিন এসআইসহ কনস্টেবলদের নলছিটি থানা থেকে প্রত্যাহারের আশ্বাস দিলেও তাঁদের প্রত্যাহার করা হয়নি।
এ ব্যাপারে সেলিনা বেগম পুলিশের আইজি, ডিআইজি এবং বরিশাল দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করে কোনো সুফল না পেয়ে গতকাল আদালতে মামলা দায়ের করেন।