চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থীর বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ তাঁদের প্রার্থিতা বহাল রাখেন।
মনোনয়নপত্র বহাল হওয়া ব্যক্তিরা হলেন ২ নম্বর ওয়ার্ডে আজাদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মহসিন পাটওয়ারী, ৭ নম্বর ওয়ার্ডে মো. মিজানুর রহমান। তবে হলফনামায় স্বাক্ষর না থাকায় আপিল কর্তৃপক্ষ ৭ নম্বর ওয়ার্ডের অপর প্রার্থী প্রবীর ঘোষের মনোনয়নপত্র বাতিল করেছে।
শাহরাস্তি পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে হলফনামায় স্বাক্ষর না থাকায়, ঋণখেলাপি হওয়ায়, আয়-ব্যয়ের সঠিক তথ্য না দেওয়ায় এবং হলফনামায় সঠিক তথ্য না থাকায় পাঁচ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদের মধ্যে চারজন মনোনয়নপত্র বহাল রাখার জন্য আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেছিলেন।
শাহরাস্তি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে চারজন কাউন্সিলর প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত বাছাইয়ের পর এখন মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।