৩ কানুনগোসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলায় ঢাকা জেলা প্রশাসনের তিন কানুনগোসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন ওই অভিযোগপত্র অনুমোদন দেয় বলে সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে।

যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন ঢাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কানুনগো আলী হোসেন, সাবেক কানুনগো গাজী রবিউল আউয়াল, মো. হানিফ মিয়া, সাবেক অতিরিক্ত ভূমি হুকুমদখল কর্মকর্তা আবদুল বারী ও ঢাকার উত্তরা থানার বাইলজুরী গ্রামের মো. রজব আলী।

দুদক সূত্র জানায়, উত্তরা থানার বাইলজুরী মৌজার আড়াই শতাংশ জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের মোট ৮২ হাজার ৮৪৮ টাকার মধ্যে ৬৯ হাজার ৩৩৯ টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগ মামলার তদন্তে প্রমাণিত হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আড়াই শতাংশ ওই জমির মালিক মো. রজব আলী, তার এক ভাই ও দুই বোন। ১৯৮৭-৮৮ সালে অধিগ্রহণ করা ওই জমির মধ্যে মাত্র এক ভাগের জমির মালিক রজব আলী। সেই হিসাবে রজব আলীর ক্ষতিপূরণ পাওনা ১৩ হাজার ৮০৭ টাকা। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজশে অন্যদের ক্ষতিপূরণের ৬৯ হাজার ৩৩৯ টাকা জালিয়াতি করে চেকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন।

২০১৩ সালের ১ আগস্ট ওই পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন মামলার তদন্ত করেন।