সৌদি বাদশাহর ছেলের জন্য রাস্তা বন্ধ, উত্তপ্ত আবহাওয়া এবং আফ্রিকান একটি গোষ্ঠীর ধাক্কাধাক্কির কারণে হজের সময় মক্কার কাছে মিনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বাংলাদেশের হাজিরা। গতকাল সোমবার বিকেলে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফেরা হাজিরা সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।
সৌদি এয়ারলাইনসের (এসভি ৮০২) ওই ফ্লাইটে ৩০৫ জন হাজি ঢাকায় আসেন। তাঁদের অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন স্বজনেরা। অনেকে প্রিয়জনকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। গতকাল বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনসের নিয়মিত ও হজ ফ্লাইট মিলিয়ে ১১টি ফ্লাইটে হাজিদের ঢাকায় আসার কথা ছিল। সৌদি এয়ারলাইনসের বিমান ঢাকায় অবতরণ করলেও বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটই নির্ধারিত সময়ে আসেনি। রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ৪১৯ জন হাজি নিয়ে ঢাকায় অবতরণ করে।
ফ্লাইট বিলম্বের কারণ জানতে চাইলে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশারফ হোসেন বলেন, ‘আপনারা জানেন, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে এ সময় অনেক চাপ থাকে। এ ছাড়া হাজিরা নির্দিষ্ট সময়ে রিপোর্টিং না করায় বিমানের ফিরতি হজ ফ্লাইট আসতে বিলম্বিত হচ্ছে।’
গতকাল ফিরে আসা হাজিদের মধ্যে ছিলেন ঢাকার বাসাবোর সুলতান আলী। তিনি বলেন, মিনায় হুড়োহুড়ির ঘটনার সময় কাছেই ছিলেন। তিনি বলেন, সৌদি বাদশাহর ছেলে জামারায় আসছিলেন। এ জন্য জামারায় যাওয়ার দুটি পথের একটি বন্ধ করে দেওয়া হয়। ফলে একটি পথের হাজিরা অন্য পথে এসে পড়লে চাপ তৈরি হয়। শুরু হয় হুড়োহুড়ি, পদপিষ্ট হন তাঁরা।
রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, ‘সৌদি স্থানীয় সময় সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আমি সামনের দিকে ছিলাম। পেছন থেকে চাপ এলে সামনের দিকে চলে যাই।’ তিনি দাবি করেন, সৌদি একজন প্রিন্সের জামারায় যাওয়ার কারণে রাস্তা বন্ধ করে দেওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
আইনুন নাহার নামের একজন নারী বলেন, হজের আনুষ্ঠানিকতা ও ইবাদত-বন্দেগি শেষ করার পর তাঁরা খুবই ক্লান্ত ছিলেন। এ ছাড়া আবহাওয়া ছিল খুবই উত্তপ্ত। হঠাৎ ধাক্কা এলে কেউ তা সামলাতে পারেননি। ফলে হতাহতের ঘটনা ঘটেছে।
আবু বকর সিদ্দিকী নামের আরেকজন বলেন, তিন রাত তিন দিন ধরে হাজিরা জেগে ছিলেন। তাঁরা হাঁটছিলেনও আস্তে আস্তে। হঠাৎ ধাক্কা ও হুড়োহুড়ি অধিকাংশ হাজি সামলাতে না পারায় এই হতাহতের ঘটনা ঘটে।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৭ হাজার ২৯০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ ৫৪ হাজার ৮৪৫ জন এবং সৌদি এয়ারলাইনস ৫২ হাজার ৪৪৫ জন হজযাত্রী পরিবহন করে।
জামায়াতের সমবেদনা: মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক নিহত এবং নয় শতাধিক হাজি আহত হওয়ার ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলেছে জামায়াতে ইসলামী। দলটি হতাহত হাজিদের শোকসন্তপ্ত পরিবার এবং সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ সমবেদনা জানান।