৩ গোষ্ঠীর পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ান্নর গোপন মার্কিন দলিল
বায়ান্নর গোপন মার্কিন দলিল

মার্কিন জাতীয় মহাফেজখানা থেকে প্রথম আলো সংগ্রহ করেছে বায়ান্নর মার্কিন দলিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এসব গোপন দলিলের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ ষষ্ঠ কিস্তি
একুশে ফেব্রুয়ারির ঘটনায় তিনটি গোষ্ঠীর দ্বারা পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নূরুল আমীন।
১৯৫২ সালের ২১ জুন ঢাকায় নিযুক্ত আমেরিকান কনসাল গ্রে ব্রিম ওয়াশিংটনকে নূরুল আমীনের ওই মনোভাব সম্পর্কে জানিয়েছিলেন।
ঢাকার আমেরিকান কনসাল গ্রে ব্রিম তাঁর ১১০ নম্বর প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, মুখ্যমন্ত্রী নূরুল আমীন ২১ ফেব্রুয়ারির দাঙ্গার (আমেরিকান দলিলে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে ‘দাঙ্গা’ লেখা হয়েছে) প্রায় চার মাস পর পুরো ঘটনার একটি সরকারি ভাষ্য প্রকাশ করেছেন। দিনটি ছিল ১৪ জুন ১৯৫২। ওই দিন তিনি ময়মনসিংহ জেলার মুসলিম লীগের কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন। ব্রিম তাঁর ওই প্রতিবেদনে উল্লেখ করেন, নূরুল আমীন একুশে ফেব্রুয়ারির দাঙ্গা কেন ঘটেছিল এবং তার উৎপত্তির কারণ এবং ওই দাঙ্গাকালে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল, তা পর্যালোচনা করেন। এবং তিনি ঘোষণা দেন, তাঁর কাছে চূড়ান্ত প্রমাণ রয়েছে যে, ২১ ফেব্রুয়ারির দাঙ্গার পেছনে তিনটি গোষ্ঠীর হাত রয়েছে। কমিউনিস্ট, অন্যান্য বিদেশি এজেন্ট এবং রাজনৈতিক অশুভ চক্র। এই তিন গোষ্ঠী মিলে প্রদেশের ভেতর থেকে প্রদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল।

মার্কিন কনসালের বিবরণ অনুযায়ী, কমিউনিস্টরা যে এর সঙ্গে জড়িত, তার প্রমাণ হিসেবে নূরুল আমীন কলকাতা থেকে প্রকাশিত একটি কমিউনিস্ট পত্রিকার উদ্ধৃতি দেন। ওই পত্রিকাটি পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের প্রতি দলীয় (কমিউনিস্ট পার্টি) সহায়তা প্রদান সঠিকভাবে এগোচ্ছে বলে উৎসাহিত করেছে। এ ছাড়া বিদেশি এজেন্টদের সংশ্লিষ্টতারও প্রমাণ হাজির করেন তিনি। ময়মনসিংহের ওই মুসলিম লীগের সম্মেলনে তিনি তাঁর বক্তব্যের সপক্ষে নাটকীয়ভাবে একটি গোপন দলিল উপস্থাপন করেন। ওই দলিলটি প্রস্তুত করার একটি তারিখ রয়েছে। সেটি হলো, ১২ ফেব্রুয়ারি ১৯৫২। নূরুল আমীন বলেন, এটি এমন একটি সংগঠনের অভ্যন্তরীণ সার্কুলার, যেটির সদর দপ্তর পাকিস্তানের বাইরে অবস্থিত। ১২ ফেব্রুয়ারির ওই সার্কুলারে সংগঠনের সদস্যদের ভাষা আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। তিনি জনস্বার্থে ওই সংগঠনের নাম প্রকাশ করা থেকে বিরত থাকেন। হতাশ রাজনীতিকদের সম্পর্কে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে, তারা সবাই পরিচিত মুখ। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ভাষা আন্দোলনের মধ্যে দাঙ্গার ঘটনার মিশ্রণ ঘটিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা। মার্কিন কনসাল এ পর্যায়ে মন্তব্য করেন যে, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে যদিও সেভাবে যুক্ত বাংলার প্রবক্তাদের কথা উল্লেখ করেননি, কিন্তু স্পষ্টতই তাঁদের নাম তাঁর মনে রয়েছে।
নূরুল আমীন ওই সম্মেলনে ভাষা আন্দোলন-পরবর্তী মুসলিম লীগের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন। তাঁর ভাষায় তিনি এই গুজব বিশ্বাস করেন না যে, মুসলিম লীগ অজনপ্রিয় হয়ে পড়েছে। তিনি এ কথা স্মরণ করিয়ে তাঁর শ্রোতাদের উদ্বুদ্ধ করেন যে, মুসলিম লীগ এবং পাকিস্তান অবিচ্ছেদ্য। সবশেষে তিনি ‘দক্ষিণপন্থীদের’ প্রতি তাঁর শুভেচ্ছার হাত প্রসারিত করেন। তিনি মন্তব্য করেন, তাঁকে বলা হয়েছে মুসলিম লীগ এবং জমিয়ত-ই-উলামা-ই-ইসলামের মধ্যে বিচ্ছেদের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেটা ঠিক নয়, কারণ তিনি বিশ্বাস করেন যে মুসলিম লীগ জমিয়তের মতাদর্শই ধারণ করে।
ব্রিমের এই প্রতিবেদন থেকে আরও দেখা যায়, পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধের গুজব ছড়িয়ে পড়েছিল। সেটা এখনো চলমান বলে তিনি ওয়াশিংটনকে নিশ্চিত করেন। ব্রিম লিখেছেন, এ সপ্তাহে কোনো ঘোষণা না দিয়ে মুখ্যমন্ত্রী করাচিতে ঝটিকা সফর করেছেন। মুখ্যমন্ত্রী পাসপোর্ট পদ্ধতি নিয়ে ঢাকায় বৈঠক করেছেন। করাচিতে যাওয়ার পথে তিনি কলকাতায় যাত্রাবিরতি করেছিলেন। এখন ঘোষণা করা হয়েছে যে, ভিসা পদ্ধতি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এবং ছয় ক্যাটাগরিতে বিভিন্ন মেয়াদে বৈধতা দিয়ে ভিসা ইস্যু করা হবে।
মার্কিন কনসাল আরও উল্লেখ করেন, পূর্ব পাকিস্তানের জনমত মুখ্য সচিব আজিজ আহমেদের বিরুদ্ধে চলে গেছে। তিনি বাঙালি নন। তাই কনসাল বিশ্বাস করেন যে, তাঁর বিরুদ্ধে প্রদেশগত অনুভূতিরই প্রতিফলন ঘটেছে।