সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে আগুন ধরে তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সুরমা নদীতে এ ঘটনা ঘটে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বালু-পাথর কোয়ারি থেকে শতাধিক শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজনকে নিয়ে ট্রলারটি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাচ্ছিল। ট্রলারে ইটনা ছাড়াও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার শ্রমিকেরা ছিলেন। ট্রলারে থাকা শ্রমিক আবু তাহের (৫০), সঞ্জীব সাহা (৪৮) জানান, এই দুই উপজেলার শ্রমিকেরা ভোলাগঞ্জ থেকে একটি ট্রলার ভাড়া নিয়ে বাড়ি ফিরছিলেন। শ্রমিকদের সঙ্গে তাঁদের পরিবারের নারী ও শিশুরা ছিল। ট্রলারটি রাত সাড়ে আটটার দিকে বেতুরায় সুরমা নদীতে আসার পর হঠাৎ ভেতরে আগুন ধরে যায়। যাত্রীরা প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়েন। খবর পেয়ে ছাতক ও দোয়ারাবাজার থানার পুলিশ এসে নৌকার ভেতর থেকে অগ্নিদগ্ধ তিনজনের লাশ উদ্ধার করে। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাত গ্রামের রোকিয়া বেগম (৪৫)। আগুনে পুড়ে মৃত অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হন ৪০ জন। আহতদের মধ্যে নারী ও শিশুরাই বেশি। ট্রলারের ভেতরে থাকা নারী শ্রমিক জমিলা খাতুন (৪৫) বলেন, ‘ভেতরে একটি কেরোসিনের চুলায় রাতের খাবার রান্না করার জন্য আগুন ধরানোর পর পাম্প করতে গেলে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে পুরো নৌকার ভেতর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তখন যে যেভাবে পারে নদীতে ঝাঁপ দেয়। ভেতর থেকে অনেক নারী ও শিশু বের হতে পারেনি।
খালিয়াজুড়ির পাঁচহাত গ্রামের শ্রমিক কালু মিয়া জানান, তাঁর তিন শিশুপুত্র রুমান (১২) সাকিব (৭) ও কহিনুর (৬) নিখোঁজ রয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ ঘটনাস্থল থেকে জানান, পুলিশ আহতদের উদ্ধার করছে। কোনো যাত্রী নিখোঁজ আছে কি না, সে সম্পর্কে খোঁজ নিচ্ছে। রাত ১০টার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানান তিনি।