৩ জনের লাশ উদ্ধার ১ শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ট্রলারডুবির (ইঞ্জিনচালিত নৌকা) ঘটনায় সুমন শীল (২৪), যমুনা রানী (৭) ও পবিত্র বর্মণ (২২) নামের তিনজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুমন শীল ও যমুনা রানীর লাশ এবং আগের দিন পবিত্র বর্মণের লাশ উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিল লাকী রানী (১০) নামের এক শিশু। হতাহত ব্যক্তিদের বাড়ি উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। যাত্রীরা জানান, ভৈরবের ছাতিয়ানতলা হিন্দু অধ্যুষিত এলাকা। পূজামণ্ডপ দেখতে শিশুসহ প্রায় ৩০ জন গত মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব শহরে আসেন। পূজা দেখে রাত সাড়ে আটটার দিকে একটি ট্রলারযোগে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন। ট্রলারটি উপজেলার কালিপুর এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে একটি ট্রলার আসে। যাত্রীদের দাবি, ওই ট্রলারে ডাকাত ছিল। মাঝি বিষয়টি বুঝতে পেরে তীরে ভেড়ানোর চেষ্টা করেন। ছাতিয়ানতলায় প্রবেশের পর ডাকাতের ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। তাঁদের ট্রলারটি তুলনামূলক ছোট ছিল। ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। আহত যাত্রী কমলা রানী বর্মণ বলেন, ‘ডাকাতেরা আমাদের নৌকার দিকে ঢিল মারতে থাকে। এতে আমিসহ কয়েকজন আহত হই।’ মাঝি দিপক বর্মণ বলেন, ‘ডাকাতদের কথামতো ট্রলার না থামানোয় আমাদের ডুবিয়ে দেয়।’ ছাতিয়ানতলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুজন দাস বলেন, এ ঘটনায় ছাতিয়ানতলার হিন্দু পল্লির পূজার আনন্দ ম্লান হয়ে যায়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, সংঘর্ষ হয়েছে মূলত দুটি যাত্রীবাহী ট্রলারের মধ্যে। এখানে ডাকাতির কোনো বিষয় নেই।