জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
৩ জুন বিকেল সাড়ে পাঁচটায় সংসদে অধিবেশন বসবে। এটি হবে বর্তমান সংসদের ১৮তম অধিবেশন ও বর্তমান সরকারের শেষ বাজেট। নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনেই প্রথম সংসদ পরিচালনা করবেন। অধিবেশন কত দিন চলবে, তা পরে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। তার আগ পর্যন্ত সংসদে বিরোধী দলের অনুপস্থিতি ছিল ৮৩ কার্যদিবস। টানা ৭৭ দিন অনুপস্থিতির পর বিরোধী দল সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল। ২০ মার্চ পর্যন্ত তারা সংসদে থাকে। সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সাংসদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এ অধিবেশনে যোগ দিতে হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গতকাল সাংবাদিকদের বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদে যোগ দিতে হলে বিএনপির সংসদীয় দলকে তাদের দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে।