৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় আজ সোমবার ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জের জগৎচর বাড়ি বাজারে আজ দুপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় নাইম ইসলাম (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় প্রাইম কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খাতা কিনতে জগৎচর বাড়ি বাজারে যায় নাইম। সে সড়কের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। নাইমকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ: আজ দুপুরে একটি ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মধ্যে সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয়জন। তাঁদের মধ্যে পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা দুইটার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের পাশে দিরাই-সুনামগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো প্রণতি রানী দাশ (৩৫) ও তাঁর ছেলে প্রিয়জিৎ দাশ (৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে দিরাই উপজেলায় যাচ্ছিল একটি যাত্রীবাহী লেগুনা। নারায়ণপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার যাত্রী প্রণতি রানী দাশ ও তাঁর ছেলে প্রিয়জিৎ দাশের মৃত্যু হয়। তাঁদের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার ভবানীপুর গ্রামে।
দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ হাসপাতালে যান। দেবজিৎ সিংহ জানান, ‘আমরা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বগুড়া: বগুড়ার শাহজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় ফারহান ফিলিং স্টেশনের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের তিনজন ওই ট্রাকের আরোহী ছিলেন। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত সুজন মিয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের মধ্য থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি গাইবান্ধায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা পাংকচার হয়ে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।