৩ দফা দাবিতে ইউপি সচিবদের মানববন্ধন

পদবি পরিবর্তন, বেতন বৃদ্ধি ও পেনশন-ব্যবস্থা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবেরা। গতকাল বুধবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি (সচিব) সমিতির জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা ইউনিয়ন পরিষদের সচিবদের পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডে বেতন স্কেলের মর্যাদা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বেতন, বোনাস শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান ও ইউনিয়ন পরিষদের কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন-ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। পরে সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি আ ন ম সেলিম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সমিতির নেতা কামাল হোসেন, নুরুল আমিন, গোলাম মাওলা, মোস্তাফিজুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. হাসান, নূর ইসলাম প্রমুখ।