৩ দিন মায়ের কোলছাড়া নবজাতক!

পুত্রবধূ ও শাশুড়ির দ্বন্দ্ব। তার খেসারত দিতে হলো ছোট্ট কন্যাশিশুটিকে। জন্মের পর চার দিন সব ঠিকঠাক ছিল। বিপত্তি বাধে হাসপাতাল ছাড়ার দিন। শাশুড়ি চান নাতনিসহ পুত্রবধূ যাবে স্বামীর ঘরে। কিন্তু পুত্রবধূ যেতে চান তাঁর বাবার বাড়ি। একপর্যায়ে মায়ের কোল থেকে নবজাতক নিয়ে চলে যান শাশুড়ি, যা গড়ায় থানা পর্যন্ত। অবশেষে তিন দিন পর মায়ের কোলে ফিরল সেই নবজাতক।
এ ঘটনা চট্টগ্রামের রাউজানের। গতকাল সোমবার রাউজান থানায় দাদির কাছে থাকা নবজাতককে মায়ের কোলে তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাউজান পৌর এলাকার বাসিন্দা গৃহবধূটি একটি বেসরকারি হাসপাতালে ২০ নভেম্বর কন্যাশিশুর জন্ম দেন। গৃহবধূর স্বামী প্রবাসী। ২৪ নভেম্বর দুপুরে নবজাতক ও মাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই দিন বাড়ি যাওয়া নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে টিকা দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যান শাশুড়ি।
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, নবজাতককে ফিরে পেতে ওই গৃহবধূ গত রোববার থানায় অভিযোগ করেন। এরপর গহিরার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে মধ্যস্থতা করে শিশুটিকে উদ্ধার করে এনে মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে। তিন দিন ধরে মায়ের কোলছাড়া থাকায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। শিশুটিকে দ্রুত চিকিৎসা করানোর জন্য বলা হয়েছে।