৩ দিনের রিমান্ডে মেহেদী হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দীন হত্যা মামলায় মেহেদী হাসান ওরফে রাফীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার দেখানো আসামি মেহেদী হাসান আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। গত ১৯ এপ্রিল সিলেট থেকে মেহেদী হাসানকে বাড্ডা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
নাজিম উদ্দীন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শাহজাহান গতকাল আসামি মেহেদীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, আসামি মেহেদী হাসান ২০১০ সালের দিকে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন। হত্যার শিকার নাজিম উদ্দীন ফেসবুকে ধর্মবিরোধী লেখালেখি করতেন। ব্লগার নিলয় নীল হত্যার পর সিলেটের আম্মার এলাকায় চা খাওয়ার সময় নাজিম উদ্দীনকে আক্রমণের চেষ্টা করা হয়। নাজিম তা বুঝতে পেরে মেসে চলে যান। নাজিম উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মেহেদী হাসান ও তাঁর সঙ্গীরা নাজিম উদ্দীনকে হত্যাকাণ্ডে জড়িত বলে তথ্যপ্রমাণ পেয়েছে। ওই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।