৩ দিনের সফরে ঢাকায় ওআইসি মহাসচিব
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি তিন দিনের সফরে গতকাল শনিবার দুপুরে ঢাকায় এসেছেন। এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওআইসির আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সংস্থার মহাসচিব বেশ কিছু দেশ সফর করবেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। ওআইসির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসির মহাসচিব সংস্থার জন্য যে প্রকল্প ও উন্নয়ন সহযোগিতার কার্যক্রম নিয়েছেন, সে সম্পর্কে সদস্য দেশগুলোকে অবহিত করার অংশ হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন।
আইয়াদ আমিন মাদানি এ সফরের সময় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিসিডিআরবি) পরিদর্শনে যাবেন। তিন দিনের সফর শেষে তিনি আগামীকাল ঢাকা ছেড়ে যাবেন।