৩ নভেম্বর থেকে খাদি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ ‘ট্রেসেমে খাদি, দ্য ফিউচার ফেব্রিক শো’ উপলক্ষে গতকাল গুলশান ক্লাবে সংবাদ সম্মেলন করে। মঞ্চে আয়োজক ও ডিজাইনাররা l প্রথম আলো
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ ‘ট্রেসেমে খাদি, দ্য ফিউচার ফেব্রিক শো’ উপলক্ষে গতকাল গুলশান ক্লাবে সংবাদ সম্মেলন করে। মঞ্চে আয়োজক ও ডিজাইনাররা l প্রথম আলো

বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি কাপড়কে জনপ্রিয় করতে আবারও শুরু হচ্ছে খাদি উৎসব। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘ট্রেসেমে খাদি, দ্য ফিউচার ফেব্রিক শো ২০১৭’ শিরোনামের এই উৎসব ও ফ্যাশন শো এবার তৃতীয় বছরে পা দিচ্ছে। ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের ৩ নম্বর মিলনায়তনে হবে ফ্যাশন শো। এরপরের সপ্তাহে হবে পোশাকগুলোর প্রদর্শনী। গতকাল সোমবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে এফডিসিবির সভাপতি মাহিন খান বলেন, ‘এরই মধ্যে খাদি উৎসব দেশের একটি বৃহৎ সৃজনশীল উৎসবে পরিণত হয়েছে। আমাদের তাঁতিদের তৈরি খাদি কাপড় এরই মধ্যে নতুনভাবে জেগে উঠতে শুরু করেছে। তরুণেরা আবার ঝুঁকছেন খাদির পোশাকে। দেশের কারুশিল্পের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে সহায়ক হবে এই আয়োজন।’
এবারের উৎসবে দেশ-বিদেশের ২৭ জন ফ্যাশন ডিজাইনারের তৈরি করা পোশাক তুলে ধরা হবে। দেশের ঐতিহ্যবাহী নানা উপকরণ থেকে অনুপ্রাণিত হয়ে পোশাকের নকশা করেছেন ডিজাইনাররা। এবারের পোশাকগুলোতে ব্যবহার করা হচ্ছে লোকজ মোটিফ।
ডিজাইনারদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন মাহিন খান, এমদাদ হক, শৈবাল সাহা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, চন্দনা দেওয়ান, মারিয়া ইসলাম, ফারাহ আনজুম বারী, শাহরুখ আমিন, নওশিন খায়ের, তেনজিং চাকমা, আফসানা ফেরদৌসি, রাকা, ফাইজা আহম্মেদ, রিমা, সারাহ করিম, ফারাহ দিবা ও রুপো শামস।
দেশের বাইরে থেকে আসবেন ভারতের হিমাংশু ও সৌমিত্র মণ্ডল, নেপালের রসনা শ্রেষ্ঠা, ভুটানের চিমমি চোডেন, মালয়েশিয়ার জ্যাকলিন ফং, শ্রীলঙ্কার নিলন হারাসগভানা ও থাইল্যান্ডের সুকিজিত দাংচাই।
শো শেষে ১০ ও ১১ নভেম্বর গুলশানের গার্ডেনিয়া কনভেনশন সেন্টারে প্রদর্শিত হবে পোশাকগুলো। ক্রেতারা সেখান থেকে পোশাক কিনতে পারবেন।
খাদি উৎসব আয়োজনের টাইটেল স্পনসর ইউনিলিভারের ব্র্যান্ড ট্রেসেমে। পৃষ্ঠপোষক হিসেবে আরও আছে সংস্কৃতি মন্ত্রণালয়, বেঙ্গল গ্রুপ লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ, সেনোরা, বার্জার, আইপিএবি, দ্রুক এয়ার ও দা ওয়ে ঢাকা।