৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যান পবিত্র হবে: মায়া

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২৫ অক্টোবর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে অপবিত্র করেছেন। ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের সমাবেশে ওই উদ্যানকে পবিত্র করা হবে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও আওয়ামী লীগ-সমর্থিত ২২টি সংগঠনের যৌথসভায় মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন।
বিরোধী দলকে উদ্দেশ করে মায়া বলেন, ‘অস্ত্র ছেড়ে আপনারা মাঠে আসুন। আপনাদের সঙ্গে একটু খেলি। দেখি কে জেতে। জামায়াত-শিবিরকে নিয়ে বিএনপির নেত্রী বহুবার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তাঁদের ওই হীন স্বপ্ন কখনো সফল হবে না।’ তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আর ওই নির্বাচনে সব রাজনৈতিক দলকে আসতে হবে। তা না হলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দাওয়াত একবারই হয়। আবার দাওয়াত চাইতে আপনার লজ্জা লাগে না? আমাদের দাওয়াত বহাল আছে। আপনি চাইলে আসতে পারেন।’
আওয়ামী লীগ-সমর্থিত ২২টি সংগঠনের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে যৌথ সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপদপ্তর সম্পাদক জামাল উদ্দিন।