৩ নম্বর ইউনিট দিয়ে উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় প্রকৌশলীদের চেষ্টায় চার মাস পর উৎপাদনে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট। গতকাল রোববার সকাল থেকে ইউনিটটি দিয়ে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ফলে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ। আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদনক্ষমতা ৭৭৪ মেগাওয়াট। নয়টি ইউনিট দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়। কিন্তু প্রতিটি ইউনিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কোনোটি কোনোটি দিয়ে পূর্ণমাত্রায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে উৎপাদনক্ষমতা কমে এসেছে। যান্ত্রিক সমস্যার কারণে ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় উৎপাদন বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইউনিটটি সচল করার পরিকল্পনা নেয়। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম প্রথম আলোকে বলেন, ‘৩ নম্বর ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হওয়ার ঘটনাটিকে আমি বলব বিদ্যুৎ সেক্টরে এটি দেশীয় প্রকৌশলীদের একটি বড় সফলতা। কারণ, নিজস্ব প্রকৌশলীদের এমন সাফল্য ইতিপূর্বে আর সম্ভব হয়নি।’ আগামী ১৫ বছর ইউনিটটিতে আর বড় ধরনের সংস্কারকাজ করতে হবে না বলে তিনি জানান।