রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের পরিচালনাধীন কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের একটি নতুন কূপ (শ্রীকাইল-৩) থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে কূপটি থেকে গ্যাসের প্রবাহ শুরু হয়। পেট্রোবাংলার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী কূপটি খনন করেছে রাশিয়ার কোম্পানি গাজপ্রম। আগামী দু-তিন দিনের মধ্যে গাজপ্রমের করা তিতাস গ্যাসক্ষেত্রের ২০ নম্বর কূপটি থেকে উত্তোলন শুরু হবে। ওই কূপটি থেকে প্রতিদিন অন্তত তিন কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর জানান। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকি প্রথম আলোকে বলেন, শ্রীকাইল-৩ কূপটি থেকে দৈনিক কমপক্ষে দুই কোটি এবং সর্বোচ্চ আড়াই কোটি ঘনফুট গ্যাস উত্তোলিত হবে বলে তাঁরা আশা করেন। শ্রীকাইলে পাইপলাইন ও প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বিদ্যমান থাকায় আগামী দু-এক দিনের মধ্যেই এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
তিনটি রাষ্ট্রীয় কোম্পানির (বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড) পরিচালিত ক্ষেত্রগুলোতে ১০টি কূপ খনন করে দেওয়ার জন্য পেট্রোবাংলা গাজপ্রমের সঙ্গে চুক্তি করেছে। ওই চুক্তি অনুযায়ী গাজপ্রম শ্রীকাইল-৩ ও তিতাস-২০ কূপ দুটি খনন শুরু করে। কিন্তু কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে বিঘ্ন ঘটায় গ্যাস উত্তোলন বিলম্বিত হয়। এই দুটি কূপ থেকে গত মাসেই উত্তোলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীকাইলে নির্ধারিত সময়ের প্রায় এক মাস বিলম্বে গতকাল উত্তোলন শুরু হয়েছে। তিতাস-২০ থেকে উত্তোলন শুরু হতে আরও কয়েক দিন লাগবে।
পেট্রোবাংলার সূত্র জানায়, এরপর এই মাসের মধ্যেই বাপেক্সের খনন করা তিতাস-১৮ নম্বর কূপ থেকেও উত্তোলন শুরু হবে। আগামী মাসের শুরুতে উত্তোলন শুরু হবে বাখরাবাদ-৯ নম্বর কূপ থেকেও। এই বছরের মধ্যে গ্যাস উত্তোলন বাড়বে প্রায় ২৫ কোটি ঘনফুট। দেশে এখন প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ২৮০ কোটি ঘনফুট। উত্তোলন হচ্ছে প্রায় ২৩০ কোটি ঘনফুট। এর মধ্যে বর্তমান সরকারের গত সাড়ে চার বছরে গ্যাসের উত্তোলন বেড়েছে প্রায় ৬০ কোটি ঘনফুট।