৩ নম্বর ঘাট সচল হলেও পরিস্থিতি বদলায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়ায় পদ্মা নদীতে বিলীন হয়ে যাওয়া ৩ নম্বর ফেরিঘাটটি নতুন করে নির্মাণ করা হয়েছে। গত রোববার রাত থেকে শুরু হয়েছে ওই ঘাট দিয়ে ফেরি চলাচল। কিন্তু এর পরও মাওয়া ও কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। পরিবর্তন হয়নি যানজট পরিস্থিতিও। দুই ঘাটেই গাড়ির জট লেগে আছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৭০০ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস।
এদিকে নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ওই নৌপথে প্রায় নয় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল।
মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, বর্তমানে সেখানে তিনটি ঘাট সচল হলেও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তাই স্রোত কমেনি। এ কারণে পাঁচটি ফেরি বন্ধ রাখতে হচ্ছে। স্রোতের কারণে চালু ফেরিগুলো সামনে এগোতে পারছে না। ফলে সময় লাগছে দ্বিগুণ। বিআইডব্লিউটিসি জানায়, পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে পাঁচটি ফেরি চলাচল এখনো বন্ধ রয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এগুলো ঘাটের কাছে নোঙর করে রাখা হয়েছে।
১৯ আগস্ট ৩ নম্বর রো রো ফেরিঘাটটি পদ্মায় বিলীন হয়ে যায়। এর এক দিন পর স্পিডবোটের কাছে নতুন ঘাট নির্মাণের কাজ শুরু হয়। ওই নির্মাণকাজ রোববার রাত আটটার দিকে শেষ হয়। কিন্তু এই ঘাট দিয়ে আগের মতো আর রো রো ফেরি চলাচল করতে পারছে না। তবে ২ নম্বর ফেরিঘাটের সঙ্গে নতুন একটি র্যাম্প সংযুক্ত করা হয়েছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় মাওয়ায় যানজট লেগেই আছে। ঘাটে অপেক্ষমাণ ট্রাক ও বাসের সংখ্যা প্রায় ৪০০ ছাড়িয়ে গেছে। ওপারে কাওড়াকান্দি ঘাটেও একই পরিস্থিতি। তিন শতাধিক যান আটকা আছে সেখানে। এতে দুই ঘাটেই দুর্ভোগের শিকার হাজারো মানুষ।
মাওয়া ঘাটে কথা হয় বাসযাত্রী সানজিদা খাতুনের সঙ্গে। তিনি যাবেন গোপালগঞ্জে। সানজিদা বলেন, ‘সকাল সাড়ে ১০টা ঘাটে এসেছি। এখন বাজে দুইটা। ফেরিতেই উঠতে পারিনি।’ ঘাটে চার-পাঁচ দিন ধরে অপেক্ষমাণ কয়েকজন ট্রাকচালক জানান, ঘাটে খাবার বাবদ তাঁদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। তা ছাড়া ঘুম ও শৌচাগারের সমস্যা তো আছেই।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৩৭টি লঞ্চ চলাচল করে। গত কয়েক দিনে পদ্মা ও যমুনায় পানি বাড়ার কারণে প্রবল স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে আটটার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক থাকায় লঞ্চ পারাপার বাসযাত্রীদের ফেরিতে করে নদী পার হওয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ছয়টা থেকে আবারও লঞ্চ চলাচল শুরু হয়।