৩ নম্বর সতর্কতা, জলোচ্ছ্ব্বাসের পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে সৃষ্ট  ঘূর্ণিঝড় পাইলিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে কিছুটা পূর্ব-পশ্চিমে অগ্রসর হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে আজ শনিবার দুপুরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, বিকেলে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের ওডিশা রাজ্যের পুরী ও গোপালপুরের ওপর আঘাত হানতে পারে। সেই সঙ্গে ঝড়ের প্রভাবে ২-৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনাসহ দক্ষিণ উপকূলে সকাল থেকে থমথমে আবহাওয়া এবং দুপুরে থেমে থেমে ঝোড়ো হাওয়া বইছে।
বিকেল সাড়ে চারটার দিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রচারিত বার্তায় বলা হয়,  ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৮৩৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮০০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার। এটি দমকা ও ঝোড়ো হাওয়ার বেগে বাড়ছে। চট্টগ্রাম ও মংলা বন্দর এবং কক্সবাজারের আওতাভুক্ত এলাকাগুলোতে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। 

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, খুলনা, সাতক্ষীরা জেলার দূরবর্তী চর ও নিম্নাঞ্চলগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন গভীর সাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বরগুনাসহ দক্ষিণ উপকূলের জেলাগুলোতে মেঘলা ও থমথমে আবহাওয়া বিরাজ করছে। দুপুরের পর থেকে থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজ দুপুরে জানান, বঙ্গোপসাগর দুদিন ধরে উত্তাল থাকলেও আজ সকাল থেকে তা খুবই উত্তাল হয়ে পড়ে। সকাল থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদে উপকূলে ফিরতে শুরু করেছে।

বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক কিশোর কুমার সরদার জানান, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির উত্পত্তিস্থল ও আশপাশের এলাকা খুবই উত্তাল রয়েছে।