৩ নারীর সাহসিকতায় ধরা পড়েন হামলাকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া মসজিদের ইমামের ওপর হামলাকারীদের একজন ধরা পড়ে এই তিন নারীর সাহসিকতায়। বাঁ থেকে আছিয়া খাতুন, মিনারা খাতুন ও মোছা. আয়েতুন্নেছা l প্রথম আলো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া মসজিদের ইমামের ওপর হামলাকারীদের একজন ধরা পড়ে এই তিন নারীর সাহসিকতায়। বাঁ থেকে আছিয়া খাতুন, মিনারা খাতুন ও মোছা. আয়েতুন্নেছা l প্রথম আলো

মোছা. আয়েতুন্নেছা সন্ধ্যার পর থেকে উঠানে ধান সেদ্ধ করছিলেন। পাশের বাড়িতে আছিয়া খাতুন ব্যস্ত রাতের রান্নার কাজে। আরেক নারী মিনারা খাতুন সবে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রতিদিনের মতো এমন কাজে ব্যস্ত থাকলেও গত সোমবারের পর এই তিন নারী সাহসিকতার জন্য এখন সর্বত্র আলোচনায়। গৃহস্থালি কাজের মধ্যেই ছিল তাঁদের পরিচয়। ওই রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে হামলার ঘটনার পর এক হামলাকারীকে ধরে ফেলেন এই তিন নারী। তাঁদের সাহসিকতার কথা এখন লোকের মুখে মুখে।
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মসজিদের ইমাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (২৮)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর গ্রেপ্তার হওয়া হামলাকারী আবদুল আহাদ মো. মাহমুদুল্লাহ ময়মনসিংহ মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। হামলার ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের অপর একটি মসজিদের ইমাম হাজারী আহমদ আল মুনিম তিনজনকে আসামি করে গত মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, আহত অবস্থায় আটক আহাদ ও অজ্ঞাতপরিচয় দুজনকে আসামি করা হয়েছে। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভিন্ন মতাদর্শগত কারণে দলবদ্ধ হয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
আহাদ পুলিশের কাছে হামলার দায় স্বীকার করে বলেছেন, তিনি আহমদিয়া সম্প্রদায়কে শত্রু মনে করেন। তাঁর কোনো সংগঠন নেই। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের চারিয়া গ্রামে। ময়মনসিংহের একটি মাদ্রাসায় তিনি পড়ালেখা করেছেন।
হামলাকারী আহাদকে ধরে ফেলা সাহসী তিন নারীর একজন মোছা. আয়েতুন্নেছা। বয়স তাঁর চল্লিশের মতো। মসজিদটির পাশেই তাঁর বাড়ি।
গতকাল বুধবার সেই রাতের ঘটনার কথা জানতে চাইলে আয়েতুন্নেছা বলেন, সন্ধ্যার পর থেকে তিনি উঠানে ধান সেদ্ধ করছিলেন। ঘড়ি চেনেন না তিনি। তবে সময়টা অনুমান করতে পারেন। তখন এশার নামাজের সময় হয়ে এসেছে। মসজিদের পাশেই মোস্তাফিজুরের ঘর। দরজার খটখটানির আওয়াজ পেয়ে বুঝতে পারলেন, আজান দিতে মসজিদে ঢুকছেন মোস্তাফিজুর। কিন্তু আজানের বদলে ‘উহু বাবাগো’ বলে চিৎকার শুনতে পান তিনি। চুলার কাছ থেকে দ্রুত উঠে মসজিদের সামনে গিয়ে আবছা অন্ধকারে দেখতে পান, পাঞ্জাবি-টুপি পরা তিন–চারজন লোক মোস্তাফিজুরকে কোপাচ্ছেন আর রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদ থেকে বের হয়ে আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছেন। তিনি পড়ে যাচ্ছেন আবার উঠে দাঁড়াচ্ছেন। এভাবে চারপাশে চক্কর দিয়ে ছুটন্ত মোস্তাফিজুর এসে লুকান আয়েতুন্নেছার ঘরের খাটের তলায়।
আয়েতুন্নেছা দেখতে পান, হামলাকারীরা মোস্তাফিজুরের খোঁজে তাঁর ঘরের দিকে আসছেন। তিনি ভাবলেন, হামলাকারীরা একবার ঘরে ঢুকতে পারলে ইমাম মোস্তাফিজকে মেরে ফেলবেন। কিন্তু যেভাবেই হোক তাঁর প্রাণ বাঁচাতে হবে।
আয়েতুন্নেছা বলছিলেন, তখন মনে পড়ে মাসখানেক আগের একটি ঘটনা। সেটি ছিল গত মার্চ মাসের কোনো একদিন। কয়েকজন তরুণ মসজিদের সামনে এসে কোরআন-হাদিসের কথা বলছেন। তিনিসহ কয়েকজন মিলে তা শুনছিলেন। একপর্যায়ে ওই তরুণেরা তর্ক জুড়ে দেন মোস্তাফিজুরের সঙ্গে। তরুণদের একজন উত্তেজিত হয়ে মোস্তাফিজুরকে মারতে যান। আয়েতুন্নেছা তখন কয়েকজন নারীকে নিয়ে উত্তেজিত ওই তরুণকে জাপটে ধরে মসজিদের ভেতরে নিয়ে আটকে ফেলেন। পরে গ্রামের লোকজন ওই তরুণকে ছাড়িয়ে নেন।
তাই সেদিনের কথা ভেবে সোমবার রাতে ওই হামলার ঘটনা বুঝে একটা প্রস্তুতিও নিয়ে ফেলেন আয়েতুন্নেছা। হাতে লাঠি তুলে নেন। কিন্তু ভয় হচ্ছিল তাঁর। বাড়িতে সে সময় স্বামী রজব আলী ও তাঁর ভাই আইয়ুব আলীও ছিলেন না। হামলাকারীদের কাছে ছিল ধারালো অস্ত্র। বাধা দিলে প্রাণে মেরে ফেলতেও পারেন। তারপরও তিনি সাহস করে অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।
এরই মধ্যে মোস্তাফিজুরের পিছু নেওয়া হামলাকারীদের একজন অন্ধকারের মধ্যে সুপারিগাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। পেছনে অন্য হামলাকারীরা উঠানে পড়ে যাওয়া ব্যক্তিকে মোস্তাফিজুর ভেবে কুপিয়ে পুকুরপাড় দিয়ে চলে যান। আহত হামলাকারী (আহাদ) পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন আয়েতুন্নেছা তাঁকে জাপটে ধরে আছিয়া ও মিনারাকে ডাক দেন। তখন পাশের ঘর থেকে আছিয়া খাতুন (৫০) ও মিনারা খাতুন (৩৮) ছুটে আসেন। তিনজনে মিলে হামলাকারীকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। একপর্যায়ে হামলাকারী খুঁটিটি ভেঙে আবারও পালানোর চেষ্টা করেন। এরপর তিন নারী তাঁকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে।
ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মো. একরাম হোসেন বলেন, তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে। তিনি শহরে থাকেন। তবে সেদিন তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন ফসল তোলার কাজের খোঁজখবর নিতে। তিনি খবর পেয়ে রজব আলীর বাড়িতে গিয়ে দেখতে পান তিন নারীর একজন হামলাকারীকে বেঁধে রাখার সাহসী কর্মকাণ্ড। তিনি দ্রুত ঘটনাটি মুঠোফোনে ঈশ্বরগঞ্জ থানার পুলিশকে জানান।
গত মঙ্গলবার ঘটনাস্থলে যান ময়মনসিংহ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবদুল্লাহ আল মামুন। তিনি ওই তিন নারীর সঙ্গে কথা বলেন। তাঁদের সাহসিকতার কথা শুনে বিস্মিত হয়ে পড়েন। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা ওই নারীরা মহড়া দিয়ে পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।