৩ বছর পর তারেক-মিশুকের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ ও মিশুক মুনীর। ফাইল ছবি
তারেক মাসুদ ও মিশুক মুনীর। ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করার তিন বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার মানিকগঞ্জের যুগ্ম দায়রা জজ-১-এর আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় ২০১১ সালের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই পাঁচজন নিহত হন।
আদালত সূত্রে জানা যায়, আজ মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিচারক ফায়জুল ইসলাম অনুপস্থিত থাকায় যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারক রফিকুল ইসলাম প্রায় তিন ঘণ্টা ধরে নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগমের সাক্ষ্য নেন। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত।
এর আগে ৭ সেপ্টেম্বর মামলার বাদী ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের সাক্ষ্য নেওয়া হয়।
আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও দিলারা বেগম সাক্ষ্য দিতে আদালত প্রাঙ্গণে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন, মোতাহার হোসেন ও বিলকিস আক্তার ওরফে মিলি। দুপুর ১২টার দিকে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলে বেলা পৌনে তিনটা পর্যন্ত।
প্রথমে ক্যাথরিন মাসুদের সাক্ষ্য নেন আদালত। আদালতকে তিনি বলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ইছামতি নদীর পারে কাগজের ফুল চলচ্চিত্রের লোকেশন দেখে মাইক্রোবাসে করে তাঁরা ১০ জন ঢাকায় ফিরছিলেন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় চালককে ধীরগতিতে গাড়ি চালাতে পরামর্শও দিয়েছিলেন তিনি। চালক মোস্তাফিজুর রহমান ঢাকা-আরিচা মহাসড়কে বাঁ পাশ হয়ে ধীরগতিতে মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। কিন্তু চালক রাস্তায় কোনো গাড়িও অতিক্রম (ওভারটেক) করেননি। চলার পথে হঠাৎ প্রচণ্ড চাপ ও ঝাঁকুনি অনুভব করেন এবং বুঝতে পারেন মারাত্মক দুর্ঘটনা ঘটছে। এ সময় একটি বাস তাঁদের মাইক্রোবাসটিকে পেছন দিকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায়। ক্যাথরিন আদালতকে বলেন, তাঁদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়ার পর বাসটিকে বাঁ পাশ দিয়ে (দক্ষিণ দিকে) চলে যেতে দেখেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে তাঁদের মাইক্রোবাসটি থেমে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ সময় তিনি মাইক্রোবাসের চালক, তারেক মাসুদ ও প্রোডাকশন কর্মী জামাল হোসেনের লাশ দেখতে পান। এরপর জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী ক্যাথরিন মাসুদকে জেরা করেন।
ক্যাথরিনের পর ঢালী আল মামুন ও দিলারা বেগমের সাক্ষ্য গ্রহণ করা হয়। তাঁরাও আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। পরে তাঁরা আসামিপক্ষের আইনজীবীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় জামিনে থাকা আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম, এপিপি এ কে এম নুরুল হুদা রুবেল ও তারিকুল ইসলাম এবং আসামিপক্ষে মাধব কুণ্ড সাহা অংশ নেন।