৩ বছরেও শেষ হয়নি তদন্ত

>• আজ সোমবার অভিজিৎ হত্যার তিন বছর পূর্ণ হচ্ছে।
• পুলিশ বলেছে, আনসার আল ইসলাম খুন করেছে।
• হত্যার নির্দেশদাতা চাকরিচ্যুত মেজর জিয়াসহ খুনিরা চিহ্নিত।
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় পুলিশি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ বারবার পিছিয়েছে পুলিশ। তিন বছরেও এই হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিতের বাবা।
আজ সোমবার অভিজিৎ রায় হত্যার তিন বছর পূর্ণ হচ্ছে। পুলিশ বলেছে, তদন্তে নিশ্চিত হওয়া গেছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (পুরোনো আনসারুল্লাহ বাংলা টিম) মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের লেখালেখিতে সংক্ষুব্ধ হয়ে তাঁকে খুন করেছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও সংগঠনটির সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ খুনিরা চিহ্নিত হয়েছে। অভিজিৎ হত্যার সময় মেজর জিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে দুর্বৃত্তদের চাপাতির কোপে ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় খুন হন। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদও আহত হন। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে তাঁরা দেশে এসেছিলেন। মেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে তাঁরা আক্রমণের শিকার হন।
অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গত শনিবার তাঁর রমনার বাসায় আলাপকালে তিনি বলেন, ‘এ নিয়ে ওরা ২৪ বার আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। দুই সপ্তাহ আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আমার বাসায় এসে এ কথা স্বীকার করে গেছেন। পুলিশের তদন্তে আদালতও সন্তুষ্ট নন। পুলিশের তদন্ত বিভাগ ব্যর্থ ও অদক্ষ।’
জানতে চাইলে মামলাটির আগের তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘অভিজিতের বাবা কী দেখে এমন পরিসংখ্যান দিলেন, জানি না।’
মামলার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, অভিজিৎ রায় হত্যায় আনসার আল ইসলামের ১১ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর আগে তিন জঙ্গি মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত ওরফে শামস এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা শরিফুল ওরফে মুকুল রানা খিলগাঁওয়ের মেরাদিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তিনি হত্যাকাণ্ডের সমন্বয়ক ও সরাসরি অংশ নিয়েছিলেন। হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া এবং আরেক সমন্বয়ক মো. সেলিম ওরফে হাদী-২ সহ সাতজনকে গ্রেপ্তার করা যায়নি। সংগঠনটির শীর্ষ নেতা জিয়াসহ দুজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া গেছে। বাকি পাঁচজনের শুধু সাংগঠনিক নাম পাওয়া গেছে।
২০১৫ সালে বইমেলা চলাকালে ১৭ ফেব্রুয়ারি থেকে খুন হওয়ার দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সিসিটিভির (ক্লোজড সার্কিট টিভি) ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আনসার আল ইসলামের শরিফুল, সেলিম, সাকিব, সাজ্জাদসহ সাত-আটজন অভিজিৎ রায়কে অনুসরণ করছেন। এর মধ্যে শরিফুলসহ পাঁচজনকে বেশির ভাগ সময় দেখা যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মো. মনিরুল ইসলাম গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে ১৩ ধরনের আলামতের ডিএনএ পরীক্ষার ফলের সঙ্গে মামলায় সন্দেহভাজন হিসেবে যে আটজন এখন গ্রেপ্তার আছেন, তাঁদের কারও ডিএনএ নমুনা মেলেনি। র্যাব তাঁদের গ্রেপ্তার করেছিল। হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি বলেন, মামলার তদন্ত গুটিয়ে আনা হয়েছে। তিন মাস আগে ডিবির কাছ থেকে মামলার তদন্তের দায়িত্ব পান তাঁরা।