৩ বছরের মধ্যে খারাপ ফল কারিগরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের উচ্চমাধ্যমিক (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় পাসের হার গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় চার হাজার।

এ বছর এই শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৫৭ শতাংশ। ২০১৪ ও ২০১৫ সালেও পাসের হার ছিল ৮৫ শতাংশের ঘরে। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন। গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৫৮৭ জন।

গতকাল রোববার কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন।

এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৬৬ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩ জন। গত বছরও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে ছিলেন।

এ বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোট ৯৭ হাজার ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৭৮ হাজার ৯০৪ জন। কারিগরি বোর্ডে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শিক্ষাক্রমে পাসের হার ৮৩ দশমিক শূন্য ৯ শতাংশ (৭৩ হাজার ৭২১ জন), ভোকেশনালে ৬১ শতাংশ ৫৭ (৪ হাজার ৯৪৯ জন) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমে ৯১ দশমিক ৭৬ শতাংশ (২৩৪ জন)।