৩ বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক রাতে তিনজন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ও পুলিশ ধাওয়া করে দুজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডুলুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ্রও উপপরিদর্শক শাহ্ মো. আওলাদ হোসেন জানান, ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডুলুরদিয়া গ্রামে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ব্যবসায়ী মনির হোসেন, তোফায়েল হোসেন ও শাহজাহানের বাড়িতে ডাকাতি করে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন মসজিদের মাইকে ডাকাত হানা দিয়েছে ঘোষণা দিলে আশপাশের লোকজন ধাওয়া করে। এ সময় ডাকাতেরা দুটি ফাঁকা গুলি ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটালে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন ও পুলিশ ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে চারটি গুলিভর্তি একটি রিভলবার ও সাতটি তাজা ককটেল উদ্ধার করা হয়। অন্যরা ডাকাতেরা ঢাকা-বাইপাস সড়কের গাজীপুরের দিকে মাইক্রোবাসে পালিয়ে যায়। ডাকাতির শিকার ব্যবসায়ী মনির হোসেন জানান, ডাকাতেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট লুটে নেয়। একই কায়দায় তোফায়েল হোসেন ও শাহজাহানের বাড়িতে লুটপাট চালায়। ডাকাতেরা নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।