৩ বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের নির্দেশ
মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা মেনে না চলায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। কলেজগুলো হচ্ছে রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ।
গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা নিয়ে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ওই কলেজগুলোর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শেষ করার সুযোগ দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে।
সভায় নীতিমালা না মানায় চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত ও একই জেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের আসনসংখ্যা ১২৫ থেকে কমিয়ে ৭৫ করা হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে পরিদর্শন কমিটিকে নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজের মান বজায় না থাকলে ভালো চিকিৎসক পাওয়া যাবে না। শুধু সার্টিফিকেট বিতরণের জন্য কলেজের কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া যায় না।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি ইতিমধ্যে ২৫টি বেসরকারি মেডিকেল কলেজের পরিদর্শন শেষ করেছে বলে সভায় জানানো হয়। ভবিষ্যতে বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন, নবায়ন ও আসনসংখ্যা বৃদ্ধির সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আলাদা পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক, বিএমডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ সহিদুল্লা; ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিন, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।