৩ মার্চ ঢাকায় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন
বাংলাদেশের মানবসম্পদ পেশাজীবীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) আয়োজনে আগামী ৩ মার্চ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন চলবে।
এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘এক্সচেঞ্জ টু চেঞ্জ’ বা পরিবর্তনের জন্য বিনিময়। আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মেটলাইফ, প্রিন্ট মিডিয়া পার্টনার প্রথম আলো, অনলাইন পার্টনার প্রথম আলো ডটকম, ক্যারিয়ার পার্টনার চাকরি ডটকম, রেডিও পার্টনার এবিসি রেডিও, কৌশলগত পার্টনার ইংরেজি দৈনিক ডেইলি স্টার।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ষষ্ঠ বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নানা দিক তুলে ধরেন সম্মেলনের চেয়ারম্যান এস এম জহির উদ্দিন হায়দার। তিনি বলেন, ওই সম্মেলনে সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সিইও হ্যানরি জি জ্যাকসন, বিএসএইচআরএম এবং এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের সভাপতি মো. মোশাররফ হোসেন, শ্রীলঙ্কার শ্রী জয়াবর্ধেনেপোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজন্তা সুজেয়া ধর্মসিড়ি, ভারতের ন্যাশানাল ইনষ্টিটিউট অব পার্সোনেল ম্যানেজম্যান্টের ন্যাশনাল প্রেসিডেন্ট সমেশ দাশ গোপ্তাসহ বিভিন্ন দেশের মানবসম্পদ বিশেষজ্ঞরা উপস্থিত থেকে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন। এ ছাড়া ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকেরা আশা করছেন, দেশ-বিদেশের প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী এ সম্মেলনে অংশ নেবেন। ওই সম্মেলনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ০১৭৯০৪৪৪৪৭৭ ও ০১৭৯০৪৪৪৪১১ এই নম্বরে। ই-মেইল: [email protected]
সংবাদ সম্মেলনে বিএসএইচআরএমের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দেশের মানবসম্পদ উন্নয়নের জন্য কাজ করছি। বর্তমান বাংলাদেশে প্রায় ৪২ থেকে ৪৩ শতাংশ মানুষ বয়সে তরুণ, যাঁদের বয়স ৩০-এর নিচে। এই মানবসম্পদকে কাজে লাগাতে পারলে দেশের আরও উন্নয়ন হবে।’
সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আবদুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলনে বিএসএইচআরএমের সহসভাপতি মো. মাশেকুর রহমান খান, টাইটেল স্পনসর মেটলাইফের প্রতিনিধি মো. জাফর সাদেক চৌধুরী, চাকরি ডটকমের হেড অব বিজনেস রিদওয়ান-উল হক প্রমুখ উপস্থিত ছিলেন।