
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ বাঁধের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে গত তিন মাসে সেখানকার অন্তত ৩০০ বসতভিটা নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়, ইউনিয়ন ভূমি কার্যালয়, হাটবাজার ও কয়েকটি গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর বর্ষা মৌসুমে বাঁধের শেষ প্রান্ত থেকে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। গত ১৩ জুলাই বাখের আলী গ্রামসংলগ্ন বাঁধের প্রায় ১০০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ থেকে ওই গ্রামের দূরত্ব ২০০ মিটার। গ্রামের প্রায় ৩০০ পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। বাখের আলী গ্রামের উজানে আলিমনগরে বাঁধের আরও দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া বাঁধের শেষ প্রান্ত, অর্থাৎ ১০ নম্বর স্থানেও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০-৪০ মিটার। এতে রোডপাড়া গ্রামের শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। গ্রামটি নিশ্চিহ্ন হওয়ার পথে। গত কয়েক বছরের ভাঙনে গ্রামটির পাঁচ শতাধিক পরিবার বসতবাড়ি হারিয়েছে।
এদিকে কয়েক দিন থেকেই ভাঙছে রোডপাড়ার পেছনের গ্রাম মালবাগডাঙ্গা। সেখানে অর্ধশতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ভাঙনের তীব্রতা এখন কম। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন বাড়বে বলে আশঙ্কা গ্রামবাসীর। এ গ্রামের ভাটিতে কাইরাপাড়া। ইতিমধ্যে এ গ্রামের অর্ধশত পরিবারের বসতভিটা ও ১৫০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর তীর থেকে কিছু দূরে চরবাগডাঙ্গা ইউপি কার্যালয়ের অবস্থান। তার পাশে নবনির্মিত ইউনিয়ন ভূমি কার্যালয়। এর পাশেই মালবাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বলেন, বিদ্যালয় থেকে পদ্মা নদীর দূরত্ব ৪০০-৪৫০ মিটার। ভাঙনের তীব্রতা বাড়লে এ বছরই নদী বিদ্যালয়ের কাছাকাছি চলে আসবে।
চরবাগডাঙ্গা ইউপির চেয়ারম্যান শাহীদ রানা বলেন, ‘ভাঙনের কারণে চরবাগডাঙ্গা ইউপি কার্যালয়, ইউনিয়ন ভূমি কার্যালয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাখের আলী ও ফরিদপুর সীমান্ত ফাঁড়ি, চরবাগডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ, চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসা, গোঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাগডাঙ্গা উচ্চবিদ্যালয়, চরবাগডাঙ্গা-২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাথানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরবাগডাঙ্গা কওমি মাদ্রাসা হুমকির মুখে রয়েছে। ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার দাবিতে সম্প্রতি এলাকার সর্বস্তরের মানুষ একাধিকবার মানববন্ধন করেছেন। স্থানীয় সাংসদসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার আবেদন জানিয়েছি। কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’
পাউবোর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন, ক্ষয়ক্ষতির বিবরণসহ প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন জানানো হয়েছে।