৩ মাসে ৫০ হাজার মামলা নিষ্পত্তি ময়মনসিংহের দায়রা জজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন মাসে ৫০ হাজার মামলা নিষ্পত্তি করে সরকারের সংশ্লিষ্টদের বিস্মিত করেছেন ময়মনসিংহের জেলা দায়রা জজ নুরুল হুদা। এতে বিস্মিত আইন মন্ত্রণালয় ও মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সদস্যরা নুরুল হুদার কাছ থেকে কাজের পদ্ধতি ও অভিজ্ঞতা জেনে তা সারা দেশে মামলা নিষ্পত্তিতে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ময়মনসিংহের জেলা দায়রা জজ নুরুল হুদার সঙ্গে দেখা করে তাঁর কর্মপদ্ধতি ও অভিজ্ঞতা শোনার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৯ আগস্ট আইনমন্ত্রী এবং কমিটির সভাপতি ও অন্য সদস্যরা ময়মনসিংহে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত আজ বিকেলে সাংবাদিকদের বলেন, বিচার বিভাগকে আধুনিক করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ জন্য বিচারকদের সময়মতো এজলাসে আসা ও এজলাস ত্যাগ করার বিষয়ে ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘ময়মনসিংহে পারলে সারা দেশে কেন এভাবে মামলা নিষ্পত্তি করা যাবে না?’

সুরঞ্জিত বলেন, পশ্চাত্পদ বিচারব্যবস্থা নিয়ে আধুনিক বাংলাদেশ হবে না। এ খাতে বাজেট বাড়াতে হবে। এ সময় তিনি হেসে দিয়ে বলেন, ‘বাজেট বাড়ানোর কথা বললে তো আবার কারও কাছে রাবিশ-খবিশে পরিণত হতে হয়।’ 

বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৩২ লাখ মামলা বিচারাধীন। মামলা নিষ্পত্তিতে গতি আনতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তা খুব একটা কাজে আসেনি। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলে মামলাজট কমবে বলে যে ধারণা করা হচ্ছিল, তা-ও বাস্তবে হয়নি।