৩ মিনিটে একটি করে মাদকের নমুনা পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে বেশির ভাগ মাদকের নমুনা পরীক্ষা না করেই আদালতে প্রতিবেদন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরীক্ষাগারে এক বছরে পরীক্ষা হওয়া মাদকের নমুনা থেকেও বিষয়টি আঁচ করা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলতি বছরের জুন মাসে দেওয়া তথ্য অনুযায়ী দেশের ৫০ লাখের বেশি মানুষ মাদকাসক্ত। বছরে প্রায় তিন হাজার কোটি টাকার মাদক কেনাবেচা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, সারা দেশের থানাগুলোতে প্রতিবছর সবচেয়ে বেশি মাদক-সংক্রান্ত অপরাধের মামলা হয়। গত বছর সারা দেশের থানাগুলোতে ৪২ হাজার ৫০১টি মাদক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাধারণত কোনো মাদক জব্দ না হলে মাদক আইনে মামলা হয় না। জব্দ করা মাদকের (আলামত) নমুনা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৫০(১) ধারা অনুযায়ী দেশের একমাত্র রাসায়নিক পরীক্ষাগারটি ২০০০ সালে গেন্ডারিয়ার ডিস্টিলারি সড়কে স্থাপন করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনের ৫০(২) ও (৩) ধারায় বলা হয়েছে, মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের কোনো উপাদানের রাসায়নিক পরীক্ষার জন্য তা এই আইনের অধীনে স্থাপিত রাসায়নিক পরীক্ষাগারে পাঠাতে হবে। আইনে উল্লিখিত তিন শ্রেণির ২১ ধরনের উপাদানে তৈরি মাদক এখানে পরীক্ষা করা হয়। রাসায়নিক পরীক্ষকের স্বাক্ষরসহ প্রতিবেদন এই আইনের অধীন কোনো মামলার তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। আদালতে এসব মামলা প্রমাণের গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রতিবেদন। এই পরীক্ষাগারের প্রতিবেদনের গলদ মাদক মামলার বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৪ সালে পুরো বছর ধরে ৩৭ হাজার ৮৮২টি মাদকের নমুনা পরীক্ষা করা হয়েছে। কর্মঘণ্টা হিসাবে পর্যালোচনা করে দেখা যায়, প্রতি তিন মিনিটে একটি করে নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়া হয়েছে। বর্তমানে ওই পরীক্ষাগারে মাদকদ্রব্যের নমুনা পরীক্ষার জন্য সাতজন পরীক্ষক আছেন। তাঁদের পক্ষে এই সময়ে এত বিপুলসংখ্যক নমুনার রাসায়নিক পরীক্ষা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছেন এমন কর্মকর্তাদের মধ্যে। সর্বোপরি মাদকের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে থাকা আধুনিক যন্ত্রগুলোকে গত ১৫ বছরে কোনো দিনই ব্যবহার করা হয়নি। চলতি বছরের ১৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম সভায় পরীক্ষাগারটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অংশগ্রহণকারীরা।
পরীক্ষাগারের অনিয়ম ও এর প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, ‘আমি খুব অল্প সময় ধরে এখানে এসেছি। তবে আগামী দুই মাসের মধ্যে আপনারা পরিবর্তন দেখতে পাবেন।’
অনেক দিন ধরে মাদক সমস্যা নিয়ে কাজ করছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক মোহিত কামাল। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে পৃথকভাবে প্রতিটি নমুনা পরীক্ষা করা উচিত। পরীক্ষার কাজটি ঠিকমতো না হলে ‘সর্ষের ভেতর ভূতের’ মতো অবস্থা হবে। এর ফলে অনেক নিরপরাধ ব্যক্তির হয়রানির শঙ্কা তৈরি হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষাগারের প্রতিবেদনে আস্থা নেই কারও

চলতি বছরের জুনে বলিভিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসা সূর্যমুখী তেলের চালানে তরল কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। একটি কনটেইনারে আসা ১০৭টি তেলের ড্রামের মধ্যে ৯৬ নম্বর ড্রামে কোকেন রয়েছে বলে নিশ্চিত করেন শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এরপর ৮ জুন বন্দর চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক (চলতি দায়িত্বে) দুলাল কৃষ্ণ রায়ের নেতৃত্বে একটি দল সেই ড্রামগুলোর রাসায়নিক পরীক্ষা করেন। এতে কোকেনের উপস্থিতি পাওয়া যায়নি বলে তখন জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দলটি। যদিও একই নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি পরীক্ষা করে এই নমুনায় কোকেনের উপস্থিতি রয়েছে বলে জানায়।
এ ঘটনার আগে গত ১৩ জানুয়ারি জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকেও ওই পরীক্ষাগারের প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী ওই বৈঠকে বলেন, রাজশাহীর গোদাগাড়ী থেকে জব্দ করা হেরোইনকে অন্য কিছু বলে প্রতিবেদন দিয়েছে ওই পরীক্ষাগারটি। বিভিন্ন মাদকদ্রব্য এখানে সঠিকভাবে পরীক্ষা করা হয় না বলে অভিযোগ করেন সাংসদ। তিনি বলেন, পরীক্ষাগারের প্রধান পরীক্ষকের ইচ্ছায় এখানে সব হচ্ছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে প্রধান রাসায়নিক পরীক্ষকের সম্পদের হিসাব চাওয়া যেতে পারে। এরপরের সভায় ওই পরীক্ষাগারের যাবতীয় পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে পরীক্ষাগারটির প্রধান পরীক্ষক দুলাল কৃষ্ণ বলেন, বহনযোগ্য কিট দিয়ে ওই পরীক্ষাটি করায় কাঙ্ক্ষিত ফল আসেনি। এ ছাড়া ওই কিটটি দিয়ে কখনো তরল কোকেনের পরীক্ষা হয়নি। স্থায়ী কমিটির বৈঠকের আলোচনা বিষয়ে তিনি বলেন, ওই আলোচনার পর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় তদন্ত হয়। তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
যা হয় পরীক্ষাগারে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২০১৪ সালে ওই পরীক্ষাগারে ৩৭ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দুলাল কৃষ্ণ সাহা বলেন, ওই পরীক্ষাগারে মোট ১৫ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে তিনজন রাসায়নিক পরীক্ষক ও চারজন সহকারী রাসায়নিক পরীক্ষক। বাকি আটজন সহকারী কর্মী। প্রধান পরীক্ষকের হিসাব অনুযায়ী, গত বছরের প্রায় ২৩০টি কর্মদিবসের (সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদ দিয়ে) প্রতিদিন তাঁরা প্রায় ১৬৫টি করে নমুনা পরীক্ষা করেছেন। সে হিসাবে প্রতিজন পরীক্ষককে এক কর্মদিবসে (আট ঘণ্টার কর্মদিবস ধরে) ২৪টি করে নমুনা পরীক্ষা করতে হয়েছে। এর মধ্যে অনেকে ছুটি কাটিয়েছেন। আবার বিভিন্ন দাপ্তরিক কাজেও ব্যস্ত থাকতে হয়েছে তাঁদের।
ওই পরীক্ষাগারে কাজ করে গেছেন এমন একজন কর্মকর্তা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠিত ওই পরীক্ষাগারটিতে বেশির ভাগ নমুনারই রাসায়নিক পরীক্ষা হয় না। পুলিশ বা অন্য সংস্থা একটি নমুনাকে হেরোইন সন্দিগ্ধ বস্তু হিসেবে উল্লেখ করে পরীক্ষাগারে পাঠায়। এরপর পরীক্ষাগারের চতুর্থ শ্রেণির কর্মীরা সেই নমুনাটি খাম থেকে বের করেন। কোনো পরীক্ষা না করেই সেই নমুনায় সন্দিগ্ধ মাদকের অস্তিত্ব রয়েছে বলে প্রতিবেদন লিখে পরীক্ষকের সই নিয়ে ডাকে পাঠিয়ে দেন তাঁরা। ওই কর্মকর্তা বলেন, সারা দেশের একমাত্র পরীক্ষাগার হিসেবে এটির যে পরিমাণ লোকবল প্রয়োজন, তা এখানে কখনোই ছিল না। শুরু থেকেই অফিস সহকারীরা এ প্রতিবেদনগুলো তৈরি করে আসছেন।
গতকাল বৃহস্পতিবার ওই পরীক্ষাগারে গিয়ে দেখা গেছে, একটি সিলমোহরকৃত প্যাকেটে করে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মাদকের নমুনা পরীক্ষাগারে আসে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মানুযায়ী সেই প্যাকেট খুলে একটি ফরমে নমুনার বিবরণ লিখে রেখে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তারপরে সেই নমুনা পরীক্ষা করে পাওয়া প্রতিবেদন আরেকটি ফরমে লেখার কথা।
পরীক্ষাগারের দুজন কর্মী জানান, বেশির ভাগ নমুনার প্যাকেট খুলেই তাঁরা কোনো পরীক্ষা ছাড়াই প্রতিবেদন লিখে ফেলেন। তাঁদের একজনের দাবি, ‘আমরা রং আর গন্ধ দেখেই কয়া দিবার পারি কোনটা কী।’ এরপর ওই কর্মীরা প্রধান রাসায়নিক পরীক্ষকের স্বাক্ষর নিয়ে প্রতিবেদনটি ডাকে সংশ্লিষ্ট থানা বা কার্যালয়ে পাঠিয়ে দেন। পরীক্ষাগারের অফিস সহকারী বা পিয়ন পদের কর্মীরাই এ প্রতিবেদনগুলোর বেশির ভাগই লিখে থাকেন বলে অভিযোগ রয়েছে।
তবে দুলাল কৃষ্ণ সাহা দাবি করেন, নিয়মানুযায়ী প্রতিটি নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়া হয়।
যন্ত্রগুলো পড়ে থেকেই নষ্ট: কর্মকর্তারা জানান, ২০০০ সালে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এ পরীক্ষাগারটি স্থাপন করা হয়। এ টাকার অর্ধেক দিয়ে ভবন আর বাকি অর্ধেক দিয়ে কিছু উন্নত যন্ত্রপাতি কেনা হয় মাদক পরীক্ষার জন্য। কিন্তু কেনার পর থেকেই কোনো দিনই এসব যন্ত্র ব্যবহার করা হয়নি। পড়ে থেকেই বিকল হয়েছে সব। এর মধ্যে রয়েছে গ্যাস ক্রোমাটোগ্রাফি (জিসি), হাইপ্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি (এইচপিএলসি), ইনফ্রারেড স্পেকট্রো ফটোমিটার, ইউভি স্পেকট্রো ফটোমিটার ইত্যাদি। এ যন্ত্রগুলোতে একসঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই অনেকগুলো নমুনা পরীক্ষা করা যায়। এ যন্ত্রে মাদকের পরিমাণগত পরীক্ষণও সম্ভব হয়। তবে কেনার পরে এ যন্ত্রগুলোর ব্যবহারই হয়নি।
ওই পরীক্ষাগারের একজন সাবেক কর্মী প্রথম আলোকে বলেন, গ্যাস ক্রোমাটোগ্রাফি যন্ত্রটিতে মাদকের নমুনা পরীক্ষা করা হলে সেটির ফলাফল প্রিন্ট করে নেওয়া যায়। এ প্রক্রিয়ায় পরীক্ষাগারের কর্মীরা ইচ্ছামতো ফল তৈরি করতে পারেন না। তাই কখনোই ওই যন্ত্র ব্যবহৃত হয়নি।
তবে প্রধান রাসায়নিক পরীক্ষক বলেন, এ যন্ত্রগুলো কেনা হলেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। ফলে সেগুলো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। তাঁর দাবি, ‘রি-এজেন্ট’ ব্যবহার করে তাঁরা মাদক পরীক্ষা করে থাকেন।
প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ: ২০০০ সালে পরীক্ষাগারটি চালু হওয়ার পর থেকে ২০০৬ সালের ৩০ জুলাই পর্যন্ত প্রধান পরীক্ষক ছিলেন দুলাল কৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধে পরীক্ষণের জন্য পাঠানো ৫৭টি বিদেশি মদ ইনট্যাক্ট অবস্থায় ও বিয়ারের পাত্র নিজের জিম্মায় রাখা, ৮৭৩টি ফেনসিডিলের বোতলসহ কিছু মদের নমুনা পরবর্তী সময়ে না পাওয়া, খেয়ালখুশিমতো প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে প্রধান রাসায়নিক পরীক্ষকের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি এবং দুটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়। দুলাল কৃষ্ণ সাহার দাবি, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি।
রাসায়নিক পরীক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত, ক্যান্টনমেন্ট ও নিউমার্কেট থানায় দায়ের হওয়া পৃথক তিনটি মাদক মামলার জাল রাসায়নিক প্রতিবেদন দেওয়ার অভিযোগ ওঠে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এবং ওই পরীক্ষাগারের সাবেক প্রধান পরীক্ষক আবু তালেব অভিযোগগুলো তদন্ত করে ২০১০ সালের দিকে ২০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন। তবে বিষয়টি আর এগোয়নি।
জানতে চাইলে আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ঠিকমতো পরীক্ষা না হলে বিচারের পুরো প্রক্রিয়াটাই সন্দেহের মুখে পড়ে যেতে পারে। এটা সাংঘাতিক অন্যায়-অবিচারের ক্ষেত্র তৈরি করে।