৩ রাইফেল ব্যাটালিয়নে রায় ২৩ ডিসেম্বর
জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় গতকাল বুধবার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, মামলায় ব্যাটালিয়নের ২০ জন বিডিআর সদস্যকে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আদালতে গতকাল আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ১৩ জন আসামি দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সাতজন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার ২ নম্বর আসামি সিপাহি ওহিদুল ইসলাম অসুস্থ থাকায় আদালত তাঁকে হাসপাতালে নেওয়ার অনুমতি দেন। এ জন্য আদালতে ১৯ জন আসামি উপস্থিত ছিলেন।ব্যাটালিয়ন কার্যালয়ে বিশেষ আদালত-১৩-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ। ২৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করে ওই দিন পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।