৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টা তিন ঘণ্টায় বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টা আমদানিকারকেরা খালাস করে নিলে এক কোটি সাত লাখ টাকা শুল্ক-কর পেত সরকার। তবে কাস্টমস কর্তৃপক্ষ এই মাল্টা নিলামে বিক্রি করে দেওয়ায় বরং লাভই হয়েছে সরকারের। নিলামে মাল্টা বিক্রি হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকায়। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় কাস্টমস নিলাম হলে প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রকাশ্য নিলামে সব মাল্টাই বিক্রি করা হয়। নিলামে অংশ নেন ১৪১ জন দরদাতা।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এসব মাল্টা আমদানি করে তিনটি প্রতিষ্ঠান। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে খালাস না নেওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ নিলামে তোলে মাল্টা। গতকাল মাল্টার সঙ্গে আদাও নিলামে তোলা হয়। গত এপ্রিলে দুটি প্রতিষ্ঠান চীন থেকে আদা আমদানি করলেও খালাস নেয়নি। নিলামে ৮৭ হাজার ১০০ কেজি আদা বিক্রি হয় ২৫ লাখ ৪০ হাজার টাকা। এই আদা শুল্ক-কর দিয়ে খালাস করলে কাস্টম পেত আড়াই লাখ টাকা।

কাস্টমের সহকারী কমিশনার (নিলাম) মো. আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, বুধবার নিলাম কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে সর্বোচ্চ দরদাতাদের কাছে মাল্টা ও আদা বিক্রির অনুমোদন দেওয়া হবে।

দর পর্যালোচনা করে দেখা যায়, নিলামে প্রতি কেজি মাল্টার দর ওঠে ৫২ থেকে ৭৩ টাকা পর্যন্ত। কেজিপ্রতি ৫২ টাকা দর দিয়ে ২৪ হাজার কেজি মাল্টার একটি চালানে সর্বোচ্চ দরদাতা হয়েছেন সেলিম চৌধুরী। আবার কেজিপ্রতি ৭৩ টাকা দর দিয়ে ২৪ হাজার কেজির আরেকটি চালানে সর্বোচ্চ দরদাতা হয়েছেন আবচার উদ্দিন নামের এক ব্যক্তি। গড়ে প্রতি কেজি মাল্টার সর্বোচ্চ দর উঠেছে ৬৩ টাকা।

নিলামে ৪৫ লাখ টাকা দর দিয়ে ৭২ হাজার কেজি মাল্টার দুটি চালানে সর্বোচ্চ দরদাতা হয়েছে তাজ ট্রেডিং। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, নিলামে তোলা যেসব মাল্টার মান ভালো ছিল, সেগুলোর দর বেশি উঠেছে।

ফল ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা মাল্টা। মিসর থেকে আমদানি করা মাল্টা এখন পাইকারি বাজারে কেজিপ্রতি কমবেশি ৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।