৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টার নিলাম রোববার
মিসর থেকে আনা ৩ লাখ ৬০ হাজার কেজি ‘ফ্রেশ অরেঞ্জ’ বা মাল্টা প্রকাশ্য নিলামে তোলা হচ্ছে। যে কেউ চাইলে এ নিলামে অংশ নিতে পারবেন। নিলামে বাজারদরের চেয়ে তুলনামূলক কম দামে এই বিদেশি ফল কেনার সুযোগ থাকছে। এ জন্য আগামী রোববার বেলা দুইটায় চট্টগ্রাম নগরের কাস্টমস নিলাম হলে সরেজমিনে উপস্থিত থেকে দর হাঁকতে হবে।
কাস্টমস সূত্র জানায়, রোববারের নিলামের এক সপ্তাহ পর ৭ লাখ ২০ হাজার কেজি বিদেশি ফল (আপেল, কমলা ও মাল্টা) আবার নিলামে তোলা হবে। এসব তাজা ফল চট্টগ্রাম বন্দর চত্বরের শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে রাখা আছে। কাস্টমস কর্মকর্তারা জানান, নিয়মানুযায়ী জাহাজ থেকে বন্দরে নামানোর ৩০ দিনের মধ্যে পণ্য খালাস করে নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য খালাস না করলে তাঁকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে এই পণ্য খালাস না করলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমসের নিলাম শাখা সূত্র জানায়, রোববার নিলামের জন্য তোলা মাল্টা গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। চট্টগ্রামের মেসার্স এফ ট্রেড করপোরেশন, এমকেবি করপোরেশন ও এগ্রোকাগ্রি কমোডিটিস নামের তিনটি প্রতিষ্ঠান ওই মাল্টা পণ্য মিসর থেকে আমদানি করে। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের সদরঘাটের এমকেবি করপোরেশন দুই কনটেইনার ৪৮ হাজার কেজি মাল্টা আমদানি করে। মেসার্স এফ ট্রেড করপোরেশন গত মার্চ মাসে ১২ কনটেইনার মাল্টা (২ লাখ ৮৮ হাজার কেজি) আমদানি করে। খালাস না নেওয়ায় এসব মাল্টাও নিলামে তোলা হয়েছে।
আমদানি করেও ব্যবসায়ীরা কেন ফল খালাস নিচ্ছেন না জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাজা ফল আমদানি করার সময় কোনো কারণে যদি তা জাহাজে নষ্ট হয়ে যায় অথবা আমদানিমূল্যের চেয়ে বাজারদর কমে যায় তাহলে কিছু ব্যবসায়ী শেষ পর্যন্ত ওই ফল আর খালাস করেন না। এর কারণ খালাস করলে তাঁর লোকসান অনেক বেড়ে যাবে। তবে নিয়মিত যাঁরা ফল আমদানি করেন, তাঁরা এ রকম পরিস্থিতির মুখোমুখি হলেও ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য পণ্য খালাস করে নেন। ফল ব্যবসায় নতুন আসা ব্যবসায়ীদের কেউ কেউ লোকসান বেশি হবে বুঝতে পারলে বন্দর থেকে আর পণ্য খালাস করেন না।
ব্যবসায়ীরা জানান, কোনো কারণে ফল খালাস না করলে তাঁদের যেমন ক্ষতি হয়, তেমনি রপ্তানিকারককে বড় মাশুল গুনতে হয়।
কাস্টমসের সহকারী কমিশনার (নিলাম) মো. আহসান উল্লাহ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নিলামযোগ্য পণ্য দ্রুত বিক্রি করতে অগ্রাধিকারভিত্তিক বিশেষ কর্মসূচি নিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়সীমার মধ্যে যেসব আমদানিকারক পণ্য খালাস নেননি সেগুলো এখন থেকে ধারাবাহিকভাবে নিলামে তোলা হচ্ছে।
কাস্টমস সূত্র জানায়, প্রথম ধাপে ১৮টি কনটেইনারের ফল নিলামে তোলা হয়েছে। এর মধ্যে ১৫টি কনটেইনারে রয়েছে ৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টা। নিলামে অংশগ্রহণকারীরা কমপক্ষে এক বা দুটি কনটেইনারের মাল্টা (২৪ থেকে ৪৮ হাজার কেজি) কেনার জন্য দর হাঁকতে পারবেন। মাল্টা ছাড়াও তিনটি কনটেইনারে ৮৭ হাজার কেজি আদাও রোববার নিলামে তোলা হবে। যাঁরা নিলামে অংশ নেবেন, তাঁদের শনিবার সকাল ১০টায় কনটেইনার খুলে ফল দেখানোর ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোববার সকাল ১০টায়ও কনটেইনারে ফল দেখার সুযোগ পাবেন নিলামে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা।
নিয়মিত নিলামে অংশগ্রহণকারী শাহ আমানত ট্রেডিংয়ের কর্ণধার সেলিম রেজা প্রথম আলোকে বলেন, প্রকাশ্য নিলামের সুবিধা হচ্ছে যিনি সর্বোচ্চ দর হাঁকবেন তাঁর কাছে দ্রুত পণ্য বিক্রির অনুমোদন দিতে পারে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, জাহাজ থেকে কনটেইনার নামানোর পর ৪৫ দিনেও খালাস নেওয়া হয়নি এমন কনটেইনারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭১১টি (প্রতিটি ২০ ফুট লম্বা কনটেইনার)। তাজা ফলসহ বিভিন্ন ধরনের আমদানি পণ্য রয়েছে এসব কনটেইনারে। এসব কনটেইনারের কারণে বন্দরে পরিচালন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।