৩ শতাধিক বাড়ি ও ২২০ ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পানি কমতে থাকায় শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় ভাঙন তীব্র হয়েছে। গত তিন দিনে জাজিরা উপজেলার কলমিচর গ্রামের তিন শতাধিক বসতবাড়িসহ কলমিরচর বাজার নদীগর্ভে বিলীন হয়েছে। বাজারের দুই শতাধিক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা কার্যালয় সূত্র জানায়, পদ্মার পানি ৭ আগস্ট থেকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ গতকাল শনিবার বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এতে জেলার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামে আট শতাধিক পরিবারের বসবাস। পদ্মা তীরের এই গ্রামটিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙন শুরু হয়। গতকাল পর্যন্ত এই গ্রামের ৩০৫টি পরিবারের বসতভিটা ভাঙনের শিকার হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে কলমিরচর বাজার। বাজারের ২২০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া বিলাসপুর-কুণ্ডেরচর পাকা সড়কের ৪০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, গ্রামবাসী বসতঘর, আসবাব, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। তাঁরা পাশের উঁচু সড়কে ও ফসলি জমিতে এসব মালামাল রাখছেন। কলমিরচর বাজারের ব্যবসায়ীরা দোকানের জিনিসপত্র ও দোকানঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। নারী-শিশুরাও এ কাজে যোগ দিয়েছেন।
গৃহবধূ আয়েশা খাতুন (৪৫) বলেন, ‘১৫ বছর বয়সে বউ হয়ে এই গ্রামে এসেছি। সর্বনাশা পদ্মা সব স্মৃতি মুছে দিয়ে গেল। স্বামীর শেষ চিহ্ন কবরটুকুও রক্ষা করতে পারিনি। এখন কোথায় যাব, তা জানি না।’
কলমিরচর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খালেক মাতবর বলেন, ‘৩০ বছরের পুরোনো বাজার কয়েক ঘণ্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্যবসায়ীরা আগেই মালামাল সরিয়ে নিয়েছেন। অনেকে অস্থায়ীভাবে রাস্তার ওপর দোকান দিচ্ছেন। স্থায়ী বাজার প্রতিষ্ঠায় স্থানীয় প্রশাসনের কাছে আমরা আবেদন জানাব।’
শুক্রবার সন্ধ্যায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ বি এম মোজাম্মেল হক। ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।