চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষার্থীকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও ১১ জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা পরিপন্থী পৃথক অপরাধে জড়িত থাকার অভিযোগের কারণে গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রকল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যাঁদের বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইমুল আলম মজুমদার, যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাত হোসেন ও সাইফুদ্দিন মো. ফুরকান।
গত ১২ জুন রাতে নেশাগ্রস্ত অবস্থায় আবাসিক হলে অবৈধ অনুপ্রবেশ ও শহীদ তারেক হুদা হলের ৩১২ নম্বর কক্ষে আগুন লাগানোর অভিযোগে স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ১১৭তম সভায় এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
একই সভায় ১৫ জুন রাতে ছাত্রলীগের দুই পক্ষের সহিংসতার ঘটনায় নোটিশপ্রাপ্তরা হলেন চতুর্থ বর্ষের মেহেদী হাসান পাভেল, মো. সাফায়েত ইসলাম, মোসলেহ উদ্দিন, সাইফুদ্দিন মো. ফুরকান, মো. সাজ্জাত হোসেন এবং তৃতীয় বর্ষের এস এম সানিউল ইসলাম, মো. শাহরিয়ার ফয়সাল জিতু, মো. মোবাশ্বারুল ইসলাম, মন্জুর-ই-মেহেদী বর্ণ, যাকারিয়া নাসিম হিমেল ও মো. আবদুল আওয়াল। অভিযুক্ত ব্যক্তিদের আগামী ২ সেপ্টেম্বর অফিস সময়সূচির মধ্যে বিজ্ঞপ্তির জবাব দিতে বলা হয়েছে।