৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
গতকাল রোববার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জগলুল হোসেন শুনানি শেষে আগামী ৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, অভিযোগ গঠন থেকে আসামিকে অব্যাহতি, শুনানির জন্য প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত পরবর্তী দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকার পল্টনে খালেদা জিয়াকে সভা করতে না দেওয়ার প্রতিবাদে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সলিমপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলে তাঁরা সালাউদ্দিন কাদেরের নির্দেশে গাড়ি পোড়ানো ও ভাঙচুর চালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেন আদালতে। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সালাউদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। কিন্তু মামলার এজাহারে থাকা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এ কারণে রাষ্ট্রপক্ষ ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন আদালতে।
সালাউদ্দিনের আইনজীবী এনামুল হক বলেন, ‘অভিযোগ গঠনের শুনানির জন্য আমরা প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করেছি আদালতে।’