৩ সেপ্টেম্বর আবার আলোচনায় বসবে আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকে দেওয়ার প্রস্তাব নিয়ে আগামী ৩ সেপ্টেম্বর আবার আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আলোচনার পরিপ্রেক্ষিতে আসা সিদ্ধান্ত ৪ সেপ্টেম্বর সমিতির সাধারণ সভায় তুলে ধরা হবে। গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়ার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয়। এর আগে ২০ আগস্ট সমিতির পক্ষ থেকে আইনজীবীদের সঙ্গে আলোচনার পর জানানো হয়, ২৫ আগস্ট আলোচনায় বসা হবে।
এর ধারাবাহিকতায় গতকাল বেলা একটা থেকে দুইটা পর্যন্ত আলোচনা চলে। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, জসীম উদ্দিন সরকারসহ প্রমুখ অংশ নেন।