৩ হাজার মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আরও ৩ হাজার মেগাওয়াট ক্ষমতার তেলভিত্তিক দ্রুত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭০০ মেগাওয়াট স্থাপনের স্থানসহ তালিকাও চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি ৫০ থেকে ১০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র আগামী বছরের এপ্রিলের মধ্যে চালু করা সরকারের লক্ষ্য।

আগামী বছর দেশে সাধারণ নির্বাচনের বছর। সরকার চায় না এ বছরের মতো আগামী বছর গ্রীষ্মে বিদ্যুতের সমস্যা দেখা দিক।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই কেন্দ্রগুলো থেকে সরকার ১৫ বছর বিদ্যুৎ কিনবে। এগুলোর মধ্যে একাধিক ‘বার্জ মাউন্টেড’ (ভাসমান বার্জের ওপর স্থাপিত বিদ্যুৎকেন্দ্র) বিদ্যুৎকেন্দ্রও থাকতে পারে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম এ ধরনের কেন্দ্র স্থাপন করেছিল।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ভোক্তাস্বার্থ সংরক্ষণে কর্মরত সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, সরকারের এই উদ্যোগ কোনোভাবেই জনবান্ধব নয়, এটি ব্যবসাবান্ধব উদ্যোগ। এতে বিদ্যুতের উৎপাদন মূল্য বাড়বে। এটা সরকারের অনুসৃত নীতির সঙ্গেও সাংঘর্ষিক। কারণ, সরকারের পরিকল্পনা হচ্ছে বড় বিদ্যুৎকেন্দ্র (বেইজলোড পাওয়ার প্ল্যান্ট) তৈরি করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখা। এই উদ্যোগ সে পরিকল্পনাকে ভন্ডুল করবে।

এই কেন্দ্রগুলো স্থাপনের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) একটি সম্ভাব্যতা যাচাই সমীক্ষা শুরু করেছে। এই সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে মন্ত্রণালয়ের সূত্র জানায়।