৩,০৩৭ শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৩৭ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক।
গতকাল শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। কয়েক হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে প্রতীকী হিসেবে নয়জনের হাতের বৃত্তির চিঠি তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত পিয়েরে বেনওয়া লাঘামে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান প্রতিদিন বাড়ছে, সুতরাং আজীবন ছাত্র থাকবে। চিরদিন পড়ালেখা করে যেতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হক অভিভাবকদের উদ্দেশে বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করবেন না। তাদের শিক্ষা শেষ করার সুযোগ দিন। মন্ত্রী বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী ডালিয়া আক্তার, রাহাত রানা, শারমিন আক্তার ও রাইসুল ইসলাম।
ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তারা বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাকালজুড়ে বৃত্তি পাবে। প্রতি মাসে ২ হাজার টাকা পাবে। এ ছাড়া পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা ও পোশাকের জন্য ১ হাজার টাকা দেওয়া হবে।