৩-৪ মিনিটের ঝড়ে সব শেষ

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল মঙ্গলবার ভোরে আকস্মিক ঝড়ের আঘাতে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার ও হাচিনসনপুর এলাকায় মাইনী নদীর ওপরের ঝুলন্ত সেতুটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় চলাচল বন্ধ রয়েছে।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরের গ্রাম কবাখালী ইউনিয়নের তারাবনীয়ায়। কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য লালেন্দু বিকাশ চাকমা বলেন, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ গ্রামটিতে টর্নেডো আঘাত হানে। ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র তিন থেকে চার মিনিট। এতে গ্রামের ২৫০টি ঘরবাড়ির মধ্যে ১৫০টির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫০টি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে। বেড়ার এসব ঘর টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছিল।
গতকাল সকালে তারাবনীয়া গ্রামে গিয়ে দেখা যায়, সড়কের ওপর বড় একটি আমগাছ উপড়ে পড়ে আছে। গ্রামের প্রায় প্রতিটি ঘরবাড়িতেই ঝড় তার ধ্বংসলীলার চিহ্ন রেখে গেছে। স্থানীয় দশবল বৌদ্ধ বিহারের পাকা খুঁটিগুলোর কয়েকটি মাঝখান থেকে ভেঙে ঝুলে আছে। কোনোটি দুই ভাগে বিভক্ত হয়ে আছে।
ধসে পড়া ঘর থেকে জিনিসপত্র বের করছিলেন গ্রামের বাসিন্দা চন্দ্রআলো চাকমা (২৭)। তিনি বলেন, স্ত্রী বীনা চাকমা ও তিন সন্তানকে নিয়ে তিনি ঘরের মধ্যেই ছিলেন। ভোররাতে হঠাৎ ঘরটি দুমড়ে-মুচড়ে গিয়ে তাঁদের চাপা দেয়। পরে লোকজন এসে তাঁদের উদ্ধার করেন।
গ্রামের মঞ্জ চাকমা (৩৫), গৌরিকা চাকমা (৩০), মুরতি চাকমা (৩২), রাঙাবী চাকমা (২৮), চন্দন চাকমা (৩০), জয়া চাকমার (২৫) ঘরবাড়িও এ সর্বনাশা টর্নেডো কেড়ে নিয়েছে। তাঁরাও ঘরের মধ্যে চাপা পড়েছিলেন। পরে গ্রামের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তাঁরা।
গ্রামের আরেক বাসিন্দা অঙ্গলাল চাকমা (৭৫) বলেন, পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি ঘরের মধ্যে ছিলেন। টর্নেডো থেকে রেহাই পেতে তাঁরা খাটের নিচে আশ্রয় নেন। তাতেও রেহাই পাননি। ঘরটি ভেঙে পড়ার পর খাটটি ভেঙে যায়। এর নিচে তাঁরা চাপা পড়েন।
তারাবনীয়ার আশপাশের কয়েকটি গ্রামেও একই সময়ে টর্নেডো আঘাত হানে। এর মধ্যে রয়েছে হাচিনসনপুর গ্রাম। এসব গ্রামের অন্তত ৫০টি বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি টর্নেডোর আঘাতে এলাকার আম ও লিচুসহ বিভিন্ন গাছের বাগানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গাছ উপড়ে পড়ে আছে।
কবাখালী ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জরুরি সাহায্য প্রয়োজন। এ ছাড়া স্থানীয় মাইনী নদীর ওপর ঝুলন্ত সেতুটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়ে লোকজনের চলাচল বন্ধ হয়ে গেছে।
সেতুটির অবস্থান তারাবনীয়া গ্রাম থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে। সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় লোকজনকে এখন প্রবল স্রোতের মধ্যে নৌকায় নদী পার হতে হচ্ছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছে স্থানীয় হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। তাদের পাঁচ কিলোমিটার পথ ঘুরে বিদ্যালয়ে যাতায়াত করতে হবে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করছে উপজেলা প্রশাসন। তালিকার কাজ শেষ হলে সেটি জেলা প্রশাসকের কাছে সাহায্যের জন্য পাঠানো হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘আমি সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তারাবনীয়া এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামের অধিকাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী প্রয়োজন।’