৩০ অক্টোবরের মধ্যে চালের লাইসেন্স না নিলে শাস্তি

চালের ব্যবসা করতে হলে ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তরের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এই সময়ের মধ্যে লাইসেন্স না নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ১৯৫৬ সালের কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের শাস্তির বিধানাবলি ৩ (৬) অনুযায়ী এ ব্যবস্থা নেবে সরকার।
আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘চাল ও গমের আমদানিকারক, মিলার, খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আড়তদারদের খাদ্য অধিদপ্তর থেকে এই লাইসেন্স নিতে হবে। আইন অনুযায়ী এক মেট্রিক টনের বেশি চাল ও গম ব্যবসায়ীদের খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু আমাদের কর্মকর্তারা না জেনেই হোক বা অন্য কোনো কারণে হোক এত দিন এ বিষয়ে সচেতন ছিলেন না।’
খাদ্যমন্ত্রী বলেন, ১০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। এ আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের জেল এবং আর্থিক জরিমানা করা যাবে। তিনি আরও বলেন, এ আইনের আওতায় একজন ব্যবসায়ী চাল ও গম তাঁর গোডাউনে সর্বোচ্চ ৩০ দিন মজুত রাখতে পারবেন। ১৫ দিন পরপর মজুত পণ্যের তথ্য স্থানীয় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসকে জানাতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিতে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি মাসে ওএমএস এ আওতায় দেশে দিনে গড়ে ২ হাজার ১০৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে গড়ে ১ হাজার ৫০০ মেট্রিক টন চাল বিক্রি হয়েছে।
মন্ত্রী বলেন, ‘যাঁরা তেল, চিনি, আটা, লবণের ব্যবসা করে তাঁরাও এখন চালের ব্যবসা করছেন। তাঁরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিলেও অবহেলা ও অবজ্ঞার কারণে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নেন না। আমাদের কর্মকর্তারাও এ বিষয়ে সতর্ক ছিলেন না। আজকের এ বৈঠকে কর্মকর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে আর কোনো ষড়যন্ত্র করে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো. কায়কোবাদ হোসেনসহ খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।