বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালককে ফিরিয়ে দেওয়ার দাবিতে ৩০ এপ্রিল সিলেট নগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল রোববার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে হরতাল ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। গত ১৭ এপ্রিল ইলিয়াস নিখোঁজের এক বছর পার হলেও তাঁর কোনো সন্ধান না পাওয়া এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল বিকেলে নগর বিএনপি কোর্ট পয়েন্টে সমাবেশ করে। সমাবেশে নগর বিএনপির সভাপতি এম এ হক হরতাল ঘোষণা করে বলেন, ২৯ এপ্রিলের মধ্যে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে ৩০ এপ্রিল নগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এতেও দাবি আদায় না হলে প্রয়োজনে লাগাতার হরতাল ডেকে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ইলিয়াস আলীর সন্ধান দাবির সঙ্গে বিএনপির কারাবন্দী কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে হরতাল আহ্বান করা হয়েছে। সমবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া সমাবেশে নগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গনি আরেফিন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ বক্তব্য দেন।