৩০ কনটেইনার পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কবলে পড়ে সেন্ট মার্টিনের অদূরে গভীর সাগরে একটি জাহাজ থেকে অন্তত ৩০টি খালি কনটেইনার সাগরের পানিতে পড়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাং যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার জাহাজটি বন্দরে ফিরিয়ে আনার পর বিষয়টি জানাজানি হয়। বন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে জোয়ারের সময় রপ্তানি পণ্যভর্তি ও খালি কনটেইনার নিয়ে বন্দর ছেড়ে যায় এক্সপ্রেস কর্ণফুলী জাহাজটি। সেন্ট মার্টিন থেকে উত্তর-পশ্চিম দিকে এবং সেন্ট মার্টিন ও এলিফ্যান্ট পয়েন্টের উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সাগরে ঝড়ের কবলে পড়ে জাহাজটি। এ সময় জাহাজের ওপরের অংশে থাকা খালি কনটেইনার বাঁধন ছিড়ে সাগরের পানিতে পড়ে যায়।

জানতে চাইলে বন্দরের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) এম শাহজাহান প্রথম আলোকে জানান, ঝড়ের কারণে জাহাজটি থেকে ৩০-৩৫টি কনটেইনার পানিতে পড়ে গেছে। সাগরে নৌচলাচলের পথ প্রশস্ত থাকায় সমস্যা হবে না। দুর্ঘটনাস্থলে পানির গভীরতা ৬৫ মিটার। এর পরও দুর্ঘটনাকবলিত স্থান এড়িয়ে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নৌযানগুলোকে।

জানা গেছে, দুর্ঘটনার কারণে গতকাল শুক্রবার জোয়ারের সময় জাহাজটি বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বেলা দুইটায় এটি বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে থাকা অপর কনটেইনার ভালোভাবে বেঁধে রাখার ব্যবস্থা হচ্ছে। গত ২১ জুলাই পণ্যভর্তি কনটেইনার নিয়ে বন্দরে ভিড়ে ‘এক্সপ্রেস কর্ণফুলী’। পরদিন বন্দরের সিসিটি জেটিতে ভিড়ে কনটেইনার খালাস করা হয়। এরপর রপ্তানি পণ্যবোঝাই করা হয় জাহাজটিতে।

এদিকে দুর্ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি আজ শনিবার থেকে কাজ শুরু করবে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি সি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক এ এস চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।