ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে সাইনবোর্ড পর্যন্ত গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ছুটিতে বাড়ির উদ্দেশে কিংবা ঘুরতে বেরোনো মানুষজন পড়েন চরম বিপাকে।
কুমিল্লাগামী তিসা পরিবহনের যাত্রী আয়েত আলী ও গফুর মিয়া বললেন, কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পার হতেই তাঁদের পাঁচ ঘণ্টা সময় বাসে বসে থাকতে হয়েছে।
নোয়াখালীর যাত্রী মমতাজ বেগম ও সুলতানা আক্তার জানালেন, তীব্র যানজট ও গরমে শিশুদের অসুস্থ হয়ে পড়ার কথা। চট্টগ্রাম পরিবহনের যাত্রী সুরাইয়া বেগম তো ক্ষোভ ঝেড়ে বলেই ফেলেন, ‘এত এত পুলিশ সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করার পরও কেন যানজটের কবলে পড়তে হয় আমাদের।’ তাঁর মতো আরও কয়েকজন ভুক্তভোগী পুলিশের কিছু সদস্যের চাঁদাবাজিকে যানজটের জন্য দায়ী করেন।
গতকাল কাঁচপুর ও শিমরাইল এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সচেতন ব্যক্তি, ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ এবং মহাসড়কের ওপর কাউন্টার বসিয়ে বাস দাঁড় করিয়ে রেখে যানজটের সৃষ্টি করা হয়। এ ছাড়া পুলিশের কেউ কেউ পরিবহন দাঁড় করিয়ে রেখে যানজটের সৃষ্টি করেন।
চট্টগ্রামগামী দেশ ট্রাভেলস পরিবহনের বাসচালক জায়েদ আলী বলেন, ‘কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত আসতে আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে। মহাসড়কের গাড়ির চাপ বেশি থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তা ছাড়া, শিমরাইল থেকে কাঁচপুর ও মদনপুর এলাকায় দুটি সিগন্যাল পার হয়ে আসতে হয়েছে। ফলে যানজট আরও দীর্ঘ হয়েছে।’
কুমিল্লাগামী যাত্রী সরকারি চাকরিজীবী মোতালিব হোসেন বলেন, সরকারি ছুটি বেশি দিন পেয়ে বাড়িতে মা–বাবার সঙ্গে একটু সময় কাটানোর জন্য সপরিবারে বাড়ি যাচ্ছেন। রাত (বৃহস্পতিবার) সাড়ে ১২টায় তিনি কমলাপুর থেকে বাসে উঠে সকালে ৬টার দিকে মেঘনা সেতু এলাকায় পৌঁছান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, অতিরিক্ত গাড়ির চাপ ও কাঁচপুর সেতুর মধ্যে গাড়ি বিকল হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় গতকাল বিকেল নাগাদ পরিবহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়ে আসে।