৩০ কিমি সড়কই ভাঙাচোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা পৌরসভায় ৩০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এসব সড়কের প্রায় সবটুকুই ভাঙাচোরা। পিচঢালাই উঠে গেছে। ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। এতে পৌরবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ২০০১ সালে উন্নীত এ পৌরসভার আয়তন ১২ দশমিক ৩৭ বর্গকিলোমিটার। পাকা, আধা পাকা, কাঁচাসহ ৮০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা বা কার্পেটিং সড়ক আছে ৩০ কিলোমিটার।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে পিচঢালাই, ইট-খোয়া উঠে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা এসব সড়কে হেঁটে যাতায়াত করাও দুষ্কর। শহরের স্টেশন সড়কের সিংহভাগই বেহাল। পিচ উঠে গেছে বেশির ভাগ স্থানে। সৃষ্টি হয়েছে গর্তের। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সোনাতলা রেলস্টেশনের পূর্ব পাশে সড়কের একটি স্থানে ইট-খোয়া উঠে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে রিকশা-ভ্যান চলাচল করছে।
স্টেশন সড়কের বাসিন্দা আবু জাফর বলেন, সোনাতলা রেলস্টেশন থেকে প্রতিদিন শত শত মানুষ ট্রেনে চড়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। তা ছাড়া ট্রেন থেকে পণ্য নামানো হয় এই রেলস্টেশনে। বেহাল স্টেশন সড়কের কারণে ট্রেনযাত্রীসহ পণ্য খালাসের পর নির্দিষ্ট স্থানে পরিবহনে নানা ভোগান্তি পোহাতে হয়। পিচঢালাই উঠে খানাখন্দের চিত্র দেখা গেছে পৌর এলাকার কলেজ রোড ও পৌরসভা সড়কেও।
পৌরসভার গড় ফতেপুর, কামারপাড়া, চমরগাছা, কানুপুর, গরচৈতন্যপুর, আগুনাতাইর এবং পৌর সদরের ১৬ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরসহ বালুয়া ইউনিয়নের আংশিক ২০০১ সালের ২৬ এপ্রিল পৌরসভায় উন্নীত করা হলেও ১৫ বছরে পাল্টায়নি রাস্তাঘাটের চিত্র। উপজেলা সদরের অলিগলি ও পাড়া-মহল্লায় রাস্তাঘাটের দশা আগে যেমন ছিল, এখনো তেমনই আছে।
গড় চৈতন্যপুরের বাসিন্দা ভবানী কর্মকার বলেন, পৌরসভায় কোনো লাভ হয়নি। শুধু করের বোঝা বেড়েছে। এখনো বেশির ভাগ সড়ক কাঁচা, যেটুকু পাকা রয়েছে, তা-ও ভাঙাচোরা। দেড় যুগে নতুন রাস্তাঘাট নির্মাণ নেই, সংস্কারও নেই।
পৌরসভা সূত্রে জানা গেছে, আইনি জটিলতার কারণে নির্বাচন আটকে যাওয়ায় এত দিন প্রশাসক দিয়ে চলেছে পৌরসভার কার্যক্রম। গত বছরের ৭ আগস্ট সোনাতলা পৌরসভার নির্বাচন হয়। এরপর প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে পান নির্বাচিত মেয়র।
মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ গতকাল বুধবার বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এত দিন শুধু পৌর ভবন ছাড়া কিছুই ছিল না। শহরের ৩০ কিলোমিটার পাকা সড়কের পুরোটাই বেহাল। গত এক যুগে নতুন করে রাস্তা পাকা করা হয়নি। এখনো ৫০ কিলোমিটার সড়ক কাঁচা ও আধা পাকা। এত দিন ন্যূনতম নাগরিক সুবিধা ছিল না পৌরবাসীর। পৌরসভায় হোল্ডিং-সংখ্যা প্রায় পাঁচ হাজার। কিন্তু নাগরিক সুবিধা না থাকায় রাগে-ক্ষোভে তাঁরা পৌর কর দেননি। ফলে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তিনি আরও বলেন, ‘মেয়রের দায়িত্ব নেওয়ার পর পৌরবাসীকে অনুরোধ করে পৌর কর আদায় শুরু করেছি। তবে এই সামান্য পরিমাণ পৌর কর দিয়ে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকারি অর্থ বরাদ্দ প্রয়োজন।’