৩০ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা
রংপুরের মিঠাপুকুরের দমদমা থেকে চরকাবাড়ি ৩০ কিলোমিটার পাকা সড়কের অধিকাংশ স্থানই খানাখন্দে ভরা। পিচ ঢালাই উঠে এবড়োখেবড়ো অবস্থা সড়কের। বেহাল এ সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগে পড়ছে ১০ গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয় থেকে জানা যায়, এলজিইডি ২০০৮ সালে সড়কটি তৈরি করে। পরে ২০১১ সালে এর সংস্কার করা হয়। পায়রাবন্দ, ভাংনী, বালারহাট ও ইমাদপুর ইউনিয়নের ১০ গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক এটি।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা এলাকা থেকে পূর্বদিকে ৩০ কিলোমিটার দীর্ঘ এ সড়কে ছোট-বড় খানাখন্দে ভরা। সেই সঙ্গে পাকা সড়কের পিচ উঠে ইট ও খোয়া বের হয়ে গেছে। রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্য যানবাহন চলতে অনেক সময় লাগে। ভারসাম্য ঠিক রেখে এ রাস্তায় গাড়ি চালানো কঠিন বলে অভিযোগ করেন চলাচলকারী গাড়ির চালকেরা।
ইসলামপুর এলাকায় সড়কের মধ্যে বড় বড় গর্ত হয়েছে। এ এলাকার কৃষক জিকরুল ইসলাম বলেন, অটোরিকশা এ রাস্তা দিয়ে যাওয়া-আসা করতে চায় না। গাড়ি পেতে এলাকার মানুষের খুব কষ্ট হয়।
মাঠেরহাট এলাকায়ও দেখা গেল সড়কের বেহাল দশা। স্থানীয় বাসিন্দা খবির উদ্দিন বলেন, প্রায় তিন বছর ধরে সড়কটির দুরবস্থা। এটি সংস্কার করারও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
ঠাকুরবাড়ি এলাকার কলেজশিক্ষার্থী শোয়াইব আহমেদ এ সড়কটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে দাবি জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাস্তা ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘সড়ক সংস্কারে আমরা চেষ্টা করছি। আশা করি এ বছরেই সড়ক সংস্কারের কাজ শুরু করা যেতে পারে।’ ভাংনী ও বালারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ ও তৈয়বুর রহমানও একই কথা বলেন।
এ ব্যাপারে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, এ সড়কসহ আরও কিছু সড়ক সংস্কারে ইতিমধ্যে ১১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। সেটার কাগজ ঢাকায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগির কাজ শুরু করা যাবে।